খেতাব ধরে রাখার লড়াইয়ে বুধবার ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে গ্রুপ ‘জে’-এর ম্যাচে মেসির দলের প্রতিপক্ষ আলজেরিয়া। এই ম্যাচে নামার আগে আর্জেন্টিনা শিবিরকে স্বস্তি দিয়ে চোট সারিয়ে অনেকটাই ফিট হয়ে উঠেছেন অধিনায়ক লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী তারকা এই ফুটবলার রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে নামছেন।
তবে, মেসি যদি স্বস্তির কারণ হয় তাহলে অস্বস্তি অবশ্যই ডিফেন্ডার নিকোলাস ট্যাগলিয়াফিকো। নীল-সাদা ব্রিগেডের লেফট-ব্যাক প্রথম ম্যাচে চোটের জন্য অনিশ্চিন্ত। পাশাপাশি, আঙুলের চোট কাটিয়ে অনেকটাই সুস্থ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভবনাও প্রবল।
মূলত, ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের অধিকাংশ সদস্যকে নিয়েই এবারের দল গড়েছে আর্জেন্টিনা। তবে, সব নজর আপাতত অধিনায়ক লিওনেল মেসির দিকে। টুর্নামেন্ট শুরুর আগে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, তিনি খুব খুশি। প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন।
একইসঙ্গে তিনি যে আগের মতোই রোমাঞ্চিত, তা জানাতেও ভোলেননি তিনি। এই প্রসঙ্গে বলা যায়, ট্যাগলিয়াফিকো যদি খেলতে পারেন তাহলে ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের এগারোজন খেলোয়াড়কেই প্রথম ম্যাচের একাদশে দেখা যেতে পারে।
এদিকে পরিসংখ্যান বলছে, ১৯৬২ সালের ব্রাজিলের পর আর কোনও দল পরপর দু’বার পুরুষদের বিশ্বকাপ জিততে পারেনি। সেই ইতিহাস বদলানোর লক্ষ্যে মরিয়া আর্জেন্টিনা। অন্যদিকে, যথেষ্ট আত্মবিশ্বাসী আলজেরিয়াও। বর্তমানে, টানা চার ম্যাচ অপরাজিত রয়েছে আফ্রিকার এই দলটি। যার মধ্যে উরুগুয়ের বিরুদ্ধে ড্র এবং নেদারল্যান্ডসকে হারিয়েছে তারা। সম্প্রতি কোচ ভ্লাদিমির পেতকোভিচের চুক্তিও ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
আলজেরিয়ার অন্যতম ভরসা বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। ‘মাজাদোনা’ নামে পরিচিত ২০ বছর বয়সী এই ফুটবলার বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, মেসির দলকে হারাতে তৈরি তারা।যদিও টানা সাত ম্যাচ জিতে বিশ্বকাপে পা রাখা আর্জেন্টিনা নিঃসন্দেহে অন্যতম ফেভারিট।
গতবারের বিশ্বজয়ী এই দলকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী অধিনায়ক মেসিও। আলজেরিয়ার বিরুদ্ধে নামার আগে তারকা এই ফুটবলার জানান, তাদের দলের বিরুদ্ধে খেলাটা প্রতিপক্ষের জন্য কঠিন হবে। অধিনায়কের সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই বুধবার ভোরে শিরোপা রক্ষার লড়াইয়ে নামতে চলেছে আর্জেন্টিনা।