বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু হয়ে গিয়েছে আর্জেন্টিনার। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুশীলন শুরু করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে থাকলেও দলের প্রথম ওপেন প্র্যাকটিসে তাঁকে মূল দলের সঙ্গে পুরো সময় দেখা যায়নি। বরং কিছু সময় আলাদা করে ফিটনেস ট্রেনারের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে।
রবিবার কানসাস সিটিতে পৌঁছনোর পর থেকেই মেসিদের এক ঝলক দেখার জন্য ভিড় জমাতে শুরু করেন সমর্থকেরা। দলের হোটেলের বাইরে প্রতিদিনই জড়ো হচ্ছেন শয়ে শয়ে ফুটবলপ্রেমী। শহর জুড়ে এখন বিশ্বকাপের আবহ স্পষ্ট।
এ বার লিওনেল মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ৩৮ বছর বয়সী এই কিংবদন্তির নেতৃত্বেই খেতাব রক্ষার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা। ২০২২-এর বিশ্বকাপজয়ী দলের ১৭ জন সদস্য এ বারও স্কোয়াডে রয়েছেন, ফলে অভিজ্ঞতা এবং ধারাবাহিকতার দিক থেকে যথেষ্ট শক্তিশালী দেখাচ্ছে স্কালোনির দলকে।
বিশ্বকাপ চলাকালীন কানসাস সিটিকেই নিজেদের বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা। স্পোর্টিং কানসাস সিটির অত্যাধুনিক সিএমএনপি সেন্টারে অনুশীলন করছে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের মতে, যাতায়াতের সুবিধা, পরিকাঠামো এবং অনুশীলনের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করেই এই শহরকে বেছে নেওয়া হয়েছে।
বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান শুরু হবে ১৬ জুন, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডন। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামার আগে তাই এখন প্রস্তুতির প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার জন্য।
কানসাস সিটির অনুশীলন মাঠে তাই এখন একটাই প্রশ্ন— আরও এক বার কি মেসির হাত ধরেই বিশ্বকাপ জয়ের ইতিহাস লিখতে পারবে আর্জেন্টিনা?