কয়েক দিন আগে কাতারের দোহায় বৈভব সূর্যবংশীর ব্যাটে যে ঝড় উঠেছিল, তার রেশ যেন আছড়ে পড়ল কলকাতা ময়দানেও। এবং সেই ঝড়ের প্রভাবে এক ওভারে পরপর ছ’টি ছয়ও দেখা গেল। ১৯ বছর আগে ইংল্যান্ডে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছ’টি ছয় হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। তার আগে ১৯৮৫-তে রঞ্জি ট্রফির একটি ম্যাচে রবি শাস্ত্রী বরোদার বিরুদ্ধে একই কীর্তি গড়েছিলেন। এ বার কলকাতা ময়দানে একই কাণ্ড ঘটালেন মোহনলাল ক্লাবের অঙ্কন আইচ। শুক্রবার সাউথ সাবার্বান ক্লাবের বোলার সমুজিৎ সেনের ওভারে পরপর ছ’টি বলে ছ’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে হইচই ফেলে দেন।
শুধু এই কীর্তিই নন। ১৩২ বলে ১৩টি চার ও ২৫টি ছয় হাঁকিয়ে ২৩৬ রান করেন অঙ্কন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৮.৭৯। তাঁর সঙ্গে আয়াজ উদ্দিন সিদ্দিকও ২০৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ১২৯ বলের এই ইনিংসে ৩১টি চার ও আটটি ছয় ছিল। এই জোড়া ইনিংসের জন্যই মোহনলাল ক্লাব মাত্র দু’উইকেট হারিয়ে ৪৭৪ রান তোলে।
আরও পড়ুন: VB-G RAM G প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ল মাসে সর্বোচ্চ ৮ হাজার টাকা
এ দিন ইডেনের ক্লাব হাউসের ঠিক উল্টো দিকে কাস্টমস মাঠে মোহনলালের ইনিংসের শেষ ওভারে এই তাণ্ডব চালান অঙ্কন। প্রথম বলেই ডিপ মিড-উইকেট এবং লং-অন-এর মাঝামাঝি জায়গা দিয়ে ছক্কা হাঁকান তিনি। পরের বলে লং অফের উপর দিয়ে বল পাঠান মাঠের বাইরে। তৃতীয় বলে স্লগ সুইপে ডিপ মিড উইকেট দিয়ে ছয়। চতুর্থ বলেও একই জায়গায় ফেলেন বল। পরের বলই নো বল ডাকেন আম্পায়ার। ফ্রি হিট পাওয়া বলেও স্কোয়ার ড্রাইভে ডিপ পয়েন্ট দিয়ে ছয় মারেন তিনি। পরের বলেও কাট শটে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে আরও একটি ছয়। এই কাণ্ড দেখে হতবাক হয়ে যান মাঠে উপস্থিত সবাই।
হাবড়ার বছর কুড়ির এই তরুণ ক্রিকেটার নিজেও এমন একটা কীর্তি করে অবাক। বলেন, ‘বড় রানের ইনিংস খেলার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। কিন্তু এক ওভারে ছটা ছয় মারতে পারব কখনও ভাবিনি। বল ভাল ব্যাটে আসছিল। আমিও আজ ভাল ফর্মে ছিলাম। সব মিলিয়ে হয়ে গিয়েছে। বড় শট খেলা নিয়মিত নেটে প্র্যাকটিস করি আমি। শারীরিক শক্তি বাড়ানোর চেষ্টাও করি জিমে গিয়ে। চেষ্টা করব এ রকম খেলে যাওয়ার’। আপাতত লক্ষ্য প্রথম ডিভিশনের কোনো ক্লাবের হয়ে খেলা। তার পর ধাপে ধাপে বাংলা, আইপিএল, ভারত। কিন্তু সে জন্য যে প্রচুর পরিশ্রম করতে হবে, তা জানেন অঙ্কন।
আরও পড়ুন: ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত তালিকা ৮ ফেব্রুয়ারি
কয়েক দিন আগেই বৈভব সূর্যবংশীর ঝোড়ো ইনিংস দেখার পর উজ্জীবিত হয়ে এমন ইনিংস খেলেছেন কি না, জিজ্ঞেস করায় অঙ্কন বলেন, ‘বৈভব খুবই শক্তিশালী এবং ব্যাটিংয়ের টেকনিকও খুব ভাল। এই বয়সে যদি এত আক্রমণাত্মক ইনিংস খেলতে পারে, তা হলে আমাদের বয়সী ব্যাটাররাই বা কেন পারবে না?’
আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার কীর্তি অনেকেরই আছে। যুবরাজের কথা তো আগেই জানালাম। তিনি ছাড়াও দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ডরাও এই কীর্তি স্থাপন করেছেন।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=nl3ZQIi9s47YCw2F” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>