ক্রিকেট বোর্ডের (পিসিবি) তিনটি প্রধান দাবি সরাসরি খারিজ করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে ভারত–পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি ঘিরে অনিশ্চয়তা আরও বাড়ল। কূটনৈতিক চাপ সৃষ্টি করে পরিস্থিতি বদলানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পিসিবির দাবি ধোপে টেকেনি।রবিবার আইসিসির সঙ্গে বৈঠকে তিনটি মূল দাবি তোলে পিসিবি। প্রথমত, ভারতকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি করাতে আইসিসিকে হস্তক্ষেপ করতে হবে।
কিন্তু আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট বোর্ডগুলির বিষয়, এতে তাদের কোনও আইনি অধিকার নেই।দ্বিতীয় দাবি ছিল ভারত–পাকিস্তান–বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন। এই প্রস্তাবও নাকচ করে দেয় আইসিসি। কারণ হিসেবে জানানো হয়, ত্রিদেশীয় সিরিজ আয়োজন বা সূচি নির্ধারণ তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।তৃতীয় দাবি ছিল, চলতি বছরের শেষে ভারতকে বাংলাদেশ সফরে যেতে বাধ্য করা। এখানেও একই জবাব দেয় আইসিসি—দ্বিপাক্ষিক সফর নিয়ে তারা কোনও সিদ্ধান্ত নিতে পারে না।
তবে বাংলাদেশের আর্থিক ক্ষতি না হওয়া এবং তাদের উপর কোনও শাস্তি না দেওয়ার বিষয়ে আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে।এখন সবচেয়ে বড় প্রশ্ন, পাকিস্তান কি শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে? সূচি অনুযায়ী, কয়েক দিনের মধ্যেই দুই দল মুখোমুখি হওয়ার কথা। পিসিবি আগে ইঙ্গিত দিয়েছিল, বাংলাদেশ ইস্যুতে সংহতি দেখাতে তারা ভারত ম্যাচ বয়কট করতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে সিদ্ধান্তের বল এখন পুরোপুরি পাকিস্তানের কোর্টেই।