বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলেও দুর্বল আমেরিকার বিরুদ্ধে ভারতের ব্যাটিং ব্যর্থতা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। যদিও, তা নিয়ে ভাবতে একেবারেই রাজি নন ভারতীয় শিবির। বরং, এজন্য পিচের ভিন্ন চরিত্রকেই দায়ী করছেন সহ অধিনায়ক অক্ষর প্যাটেল। ম্যাচ শেষে অক্ষরের স্পষ্ট বক্তব্য, খেলার শুরুতে তারা পিচটা বুঝতে পারেননি। তিনি বলেন, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ সাধারণত পাটা হয়। কিন্তু শনিবার ম্যাচের পিচটা সম্পূর্ণ আলাদা ছিল। তাই, প্রথমদিকে তাঁদের বুঝতে অসুবিধা হচ্ছিল বলেই জানান অক্ষর। যদিও, পরবর্তীকালে পিচ দেখে যে নিজেদের ব্যাটিং পরিকল্পনা বদলাতে হয়েছিল ভারতীয় শিবিরকে, সেকথা জানাতেও ভুললেন না তিনি। অক্ষরের স্পষ্ট বক্তব্য, এই পিচ কোনোভাবেই ২০০ রানের পিচ ছিল না । তাই প্রাথমিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিল ১৪০ থেকে ১৫০ রান তোলার। পরে একটা ওভারে ২১ রান আসে। এজন্য, সহ অধিনায়ক অবশ্য কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদবকে। সূর্যর প্রশংসা করে অক্ষর বলেন, পরের দিকে সূর্য রান তোলার গতি বাড়ানোয় কাজটা কিছুটা সহজ হয়ে গিয়েছিল।
ভারতের বর্তমান টি-টোয়েন্টি দল আগ্রাসী ক্রিকেটের জন্য বিশেষ পরিচিত। ফলে, বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্বল আমেরিকার বিরুদ্ধে এই ব্যাটিং ব্যর্থতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। বিষয়টি নিয়েও মুখ খুলেছেন সহ অধিনায়ক অক্ষর। জানিয়েছেন, তাঁরা পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছেন। প্রতিটি বলেই আক্রমণাত্মক শট মারতে চাননি। মূলত, বল বুঝেই শট খেলার চেষ্টা করেছেন। একইসঙ্গে, অক্ষরের স্পষ্ট জবাব, তারা কোনোভাবেই তাদের খেলার ধরন পাল্টাননি। পাশাপাশি, অধিনায়ক সূর্য’র সঙ্গে তাঁর জুটি প্রসঙ্গে অক্ষর বলেছেন, ‘‘মাঠে নামার আগে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তিনি কথা বলেছিলেন। ওইসময় তাঁদের প্রধান লক্ষ্য ছিল শেষ ওভার পর্যন্ত ব্যাট করা। যাতে, রান সংখ্যা যতটা সম্ভব বাড়ানো যায়। সেইজন্যই, বোলার দেখে চালিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা বলেই জানান অক্ষর।
এদিকে, প্রথম ম্যাচ জয়ের পরেই স্বস্তির খবর ভারতীয় শিবিরের জন্য। চোট সারিয়ে দলে ফিরছেন স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ম্যাচ খেলার জন্য আপাতত পুরোপুরি ফিট তিনি। দ্বিতীয় ম্যাচের আগেই দলের সঙ্গে দিল্লিতে যোগ দেবেন সুন্দর।
এই প্রসঙ্গে বলা যায়, প্রথম ম্যাচ জিতলেও ভারতীয় দলে একজন অলরাউন্ডারের অভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল। এদিকে, বর্তমানে বোর্ডের সেন্টার ও এক্সিলেন্সে রয়েছেন ভারতের এই স্পিনার অলরাউন্ডার। জানা গিয়েছে, তিনি সেখানে ইতিমধ্যেই ব্যাটিং এবং বোলিং শুরু করে দিয়েছেন । আমেরিকার বিরুদ্ধে ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদবও জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন পুরোপুরি ফিট। শীঘ্রই দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন। তবে, ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাঁকে আদৌ খেলানো হবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। পিচের পরিস্থিতি দেখে হয়তো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।