অবসরের এক সপ্তাহের মধ্যেই নতুন ইনিংস! ইউরোপের টি-২০ লিগে যোগ দিলেন রাহানে

Ajinkya Rahane Photo-SNS

আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলকে বিদায় জানানোর মাত্র আট দিনের মধ্যেই নতুন অধ্যায় শুরু করলেন অজিঙ্ক রাহানে। ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগের (ইটিপিএল) উদ্বোধনী মরসুমে খেলবেন তিনি।

আমস্টারডাম ফ্লেমসের মার্কি ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। যে দলের দলের সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ ক্রিকেট অফিসার স্টিভ ও।

আগামী ২৬ অগস্ট থেকে শুরু হবে ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগ। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের মিলিত উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আমস্টারডাম ফ্লেমসে রাহানের সতীর্থ হিসেবে থাকবেন স্টিভ স্মিথ, মিচেল মার্শ, টিম ডেভিড এবং মাইকেল ব্রেসওয়েলের মতো আন্তর্জাতিক তারকারা। এটাই হবে রাহানের কেরিয়ারের প্রথম বিদেশি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ।


চুক্তির পর রাহানে বলেন, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি সব সময় বিশ্বাস করি, ক্রিকেটকে আমরা যেমন অবস্থায় পেয়েছি, তার চেয়ে ভালো অবস্থায় রেখে যাওয়ার দায়িত্ব ক্রিকেটারদেরই। ইউরোপ এখন এক রোমাঞ্চকর পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে’।

তিনি আরও বলেন, ‘আমস্টারডাম ফ্লেমস সম্পর্কে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, তা হল কিছু গড়ে তোলার ইচ্ছা, যা মাঠের ভিতরে ও বাইরে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। সফল একটি ফ্র্যাঞ্চাইজি গড়ে তোলার পাশাপাশি ইউরোপের আগামী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে এবং এখানে ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে তুলতে চেষ্টা করব’।

রাহানেকে দলে পেয়ে উচ্ছ্বসিত স্টিভ ও। তাঁর কথায়, ‘একজন পেশাদার ক্রিকেটারের মধ্যে যে গুণগুলি থাকা উচিত— দক্ষতা, মানসিক দৃঢ়তা, বিনয় এবং নেতৃত্ব— সবই রয়েছে অজিঙ্ক রাহানের মধ্যে। শুধু পারফরম্যান্সের জন্য নয়, মাঠে ও মাঠের বাইরে তাঁর ব্যবহারও তাঁকে ক্রিকেটবিশ্বে অনেক সম্মান এনে দিয়েছে’।

তিনি আরও যোগ করেন, ‘চাপের মুহূর্তে ওর স্থিরতা এবং নেতৃত্ব আমি কাছ থেকে দেখেছি। এই গুণই সফল দলের সংস্কৃতি গড়ে তোলে। আমস্টারডাম ফ্লেমসকে ইউরোপের অন্যতম সেরা ক্রিকেট ক্লাবে পরিণত করার পথে রাহানের অভিজ্ঞতা এবং নেতৃত্ব আমাদের কাছে অমূল্য হয়ে থাকবে’।

ইটিপিএলের অপর মালিক অভিষেক বচ্চনও রাহানের যোগদানকে লিগের বড় মাইলফলক বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘স্টিভ ও-র আমস্টারডাম ফ্লেমসে অজিঙ্ক রাহানের যোগ দেওয়া শুধু ফ্র্যাঞ্চাইজির জন্য নয়, গোটা ইটিপিএলের জন্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইউরোপে ক্রিকেটের প্রসারের যে স্বপ্ন আমরা দেখছি, তা বাস্তবায়নের পথে এটি আরেকটি বড় পদক্ষেপ’।

আইপিএলে ছ’টি ফ্র্যাঞ্চাইজির হয়ে ২১২টি ম্যাচ খেলেছেন রাহানে। করেছেন ৫,৩৬৭ রান। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জিতেছিলেন। পরে ২০২৫ এবং ২০২৬ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বও করেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার ইউরোপের মাটিতে নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন অভিজ্ঞ এই ব্যাটার।