ভারতীয় ক্রিকেটে আরো এক যুগের অবসান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ ব্যাটার তথা প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের ম্যাচ এবং ২০টি টি-২০ আন্তর্জাতিকে মাঠে নামা রাহানে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন ভিডিও বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা জানান।
৩৮ বছর বয়সী রাহানে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন। তারপর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখালেও জাতীয় দলে আর ফেরা হয়নি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
নিজের বিদায়ী বার্তায় রাহানে বলেন, ‘আসলে সব কিছুরই শুরু আছে এবং শেষও আছে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রা আমার কাছে স্বপ্নপূরণের মতো ছিল। দেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান’।

🚨In 2022, when a player was appointed Test captain, Ajinkya Rahane took a dig at him..

'I don’t have a PR team,my PR is my cricket’ pic.twitter.com/grPb1sUyee
— Indian Cricket 🏏 (@navshar54008403) July 30, 2026

তিনি আরো বলেন, ‘আমার সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, বিসিসিআই, মুম্বই ক্রিকেট সংস্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমর্থকদের ধন্যবাদ। আপনারা কখনও আমাকে একা অনুভব করতে দেননি। আপনাদের ভালোবাসা ও সমর্থন সারাজীবন আমার সঙ্গে থাকবে। ক্যাপ ২৭৮ সাইনিং অফ’।
রাহানের আন্তর্জাতিক কেরিয়ারে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে ২০২০-২১ সালের অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডে ঐতিহাসিক ধসের পর বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ জিতিয়েছিলেন তিনি। মেলবোর্নে তাঁর সেঞ্চুরি এবং ঠাণ্ডা মাথার অধিনায়কত্ব ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
টেস্ট ক্রিকেটে রাহানের ঝুলিতে রয়েছে ৫,০৭৭ রান, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি। ওয়ান ডে ক্রিকেটে তিনি করেছেন ২,৯৬২ রান এবং তিনটি সেঞ্চুরি। বিদেশের মাটিতে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে দীর্ঘদিন দলের মিডল অর্ডার সামলেছেন মুম্বইয়ের এই তারকা ক্রিকেটার।
রাহানের অবসরের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে জোর চর্চা শুরু হয়েছে। তাঁর লড়াকু মানসিকতা, ভদ্র ব্যবহার এবং চাপের মুহূর্তে অসাধারণ নেতৃত্বের জন্য ভারতীয় ক্রিকেটে তিনি চিরকাল বিশেষ জায়গা দখল করে থাকবেন। অনেকেই বলছেন, যেন অনেক আগেই অবসরের সিদ্দান্ত নিয়ে ফেললেন রাহানে।
অনেকেরই এ জন্য বোর্ডের নির্বাচকদের দায়ী করছেন। কেউ কেউ বলছেন, রাহানের মতো ক্রিকেটারকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো উচিত ছিল বোর্ডের। তা না করে রাহানেকে অসন্মানই করল ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। জনতার দাবি মেনে রাহানের জন্য কোনো বিদায় সংবর্ধনার ব্যবস্থা করবে কি না বোর্ড, সেটাই দেখার।