‘বাই ওয়ান, গেট ওয়ান’— না, এ পুজোর মুখে কোনো মলে কোনো পোশাক-বিপণির অফার নয়। এমন অফার দেওয়া হয়েছে ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিটে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।
আর তিন দিন পরেই, ৩ অক্টোবর যুবভারতীতে ভারত-ব্রাজিল মহারণ। অথচ ম্যাচের আগে গ্যালারি ভরানো নিয়ে চিন্তায় আছে আয়োজকেরা। সেই পরিস্থিতিতে বড়সড় অফার নিয়ে হাজির সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)—একটি টিকিট কিনলেই সঙ্গে আরও একটি টিকিট বিনামূল্যে দেওয়া হবে!
ব্রাজিলের মতো বিশ্বফুটবলের অন্যতম সেরা দলের বিরুদ্ধে কলকাতায় ভারত খেলবে, অথচ টিকিটের দাম নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছিল নানা প্রশ্ন। টিকিটের দাম ৯৯৯ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। প্রথম দিকে বেশ কিছু টিকিট বিক্রি হলেও পরে গতি কমে যায়। ফেডারেশন সূত্রের খবর, ম্যাচের আগে টিকিট বিক্রির হার প্রত্যাশামতো হয়নি।
সেই কারণেই এবার দর্শকদের মাঠমুখী করতে ‘বাই ওয়ান, গেট ওয়ান’ অফার। অর্থাৎ একটি টিকিট কিনলে একই মূল্যের আরও একটি টিকিট বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে। লক্ষ্য একটাই—ব্রাজিলের তারকারা মাঠে নেমে যেন যুবভারতীর ফাঁকা গ্যালারি না দেখেন।
এর আগে কলকাতার তিন প্রধান ক্লাব—মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকদের জন্যও ছাড়ের ব্যবস্থা করেছিল ফেডারেশন। ১৪ হাজারেরও বেশি টিকিট কম দামে দেওয়ার কথা জানিয়েছিল ফেডারেশন। ক্লাবগুলির পাশাপাশি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএ-র মাধ্যমে সেই টিকিট বণ্টনের ব্যবস্থাও করা হয়েছিল।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Your matchday just got better! ⚽🔥
Get 2 tickets for the price of 1 with our exclusive Buy 1 Get 1 Free, offer for the India vs Brazil clash.
Use Code: STYLEBAAZAR50 on District and grab your tickets before they’re gone!
📍 VYBK, Kolkata
📅 3 October 2026
Valid on all General Stands.
Offer valid while tickets last.
Bring your plus-one. Double the cheers. Double the football fever! 🇮🇳🇧🇷</p>— Indian Football (@IndianFootball) <a href=”https://x.com/IndianFootball/status/2104950169540129052?ref_src=twsrc%5Etfw”>September 29, 2026</a></blockquote>
<script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেছিলেন, ‘কোনও ক্লাবের টিকিট প্রয়োজন হলে তারা আইএফএ-কে জানাতে পারে, কতগুলি টিকিট দরকার সেটিও জানাতে পারে। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং নিজেদের ক্লাব তাঁবু থেকে টিকিট বিক্রির জন্য নির্দিষ্ট জায়গা রাখবে’।
তিনি আরও জানিয়েছিলেন, ‘এই ভাবে ক্লাবের সদস্য বা সমর্থকেরা সরাসরি নিজেদের ক্লাবের তাঁবুতে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। ক্লাবগুলি আইএফএ-র মাধ্যমে টিকিট চাইবে এবং তারাই ডিসকাউন্ট দিয়ে সেই টিকিট বিক্রি করবে’।
শুধু ব্রাজিল নয়, ৬ অক্টোবর একই মাঠে উরুগুয়ের বিরুদ্ধেও খেলবে ভারত। অর্থাৎ কলকাতায় পর পর দুই আন্তর্জাতিক ম্যাচ। এখানেই শেষ নয়, মেয়েদের ভারত বনাম রাশিয়া ম্যাচও ৮ ও ১১ অক্টোবর হবে যুবভারতীতে। ফেডারেশনের কাছে তাই শুধু তারকা ফুটবলারদের কলকাতায় আনা নয়, গ্যালারিতে দর্শকের উপস্থিতিও বড় পরীক্ষা।
ব্রাজিলের বিরুদ্ধে ভারতের ম্যাচ ঘিরে কলকাতায় ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। এবার শেষ মুহূর্তের এই অফারে যুবভারতীর গ্যালারি কতটা ভরে ওঠে, সেটাই দেখার। ভিনিসিয়াস জুনিয়রদের সামনে নতুন প্রজন্মের ভারতীয় দল— এই ম্যাচ দেখার সুযোগ যাতে দর্শকেরা হাতছাড়া না করেন, সেই লক্ষ্যেই শেষ মুহূর্তে টিকিটের দরজা আরও খুলে দিল ফেডারেশন।