ডার্বির আগে যুবভারতীতে বদলের হাওয়া, সরলো ‘বিশ্ববাংলা’ লোগো

রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ডার্বিকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই বাঙালির চিরাচরিত বড় ম্যাচের সব টিকিট প্রায় শেষ। আর এই অবস্থায় ডার্বির আগেই শনিবার স্টেডিয়াম থেকে সরিয়ে ফেলা হল ‘বিশ্ববাংলা’ লোগো। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কর্তৃপক্ষের মাঝেই যুবভারতী থেকে সরিয়ে ফেলা হল বহু পরিচিত ‘বিশ্ববাংলা’ লোগো। আসলে, বর্তমানে বাংলায় পালাবদল হয়েছে। তাই ডার্বি ম্যাচের আগেই ‘বিশ্ববাংলা’ লোগো সরিয়ে সেই জায়গায় বসানো হয়েছে জাতীয় প্রতীক অশোকস্তম্ভ।

এই প্রসঙ্গে বলা যায়, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন সরকারি স্থাপত্য থেকে ধাপে ধাপে সরানো হচ্ছে ‘বিশ্ববাংলা’ চিহ্ন। স্কুল ইউনিফর্ম, সরকারি ওয়েবসাইট, নথিপত্রের পর এবার সেই পরিবর্তনের ছোঁয়া লাগলো যুবভারতীতেও।

পাশাপাশি জানা যাচ্ছে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সময় তৈরি স্টেডিয়ামের সামনের বিশাল স্ট্যাচুতেও বদল আসতে পারে। এদিকে, রবিবার ডার্বি ম্যাচে প্রধান অথিতি হিসেবে মাঠে উপস্থিত থাকবেন রাজ্যের নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। ম্যাচ শুরুর আগে দুইদলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতও হতে পারেন তিনি। তাই বলা যায়, ডার্বির আবহে মাঠের লড়াইয়ের পাশাপাশি যুবভারতীর অন্দরেও এখন নতুন রাজনৈতিক বার্তার ছাপ স্পষ্ট।