শ্রীলঙ্কা সিরিজের পরেই আগরকরের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত? রোহিত-জটিলতায় বৈঠকে বসছে বোর্ড

File Photo

শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্ট শেষ হলেই ভারতীয় ক্রিকেটে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। আলোচনার কেন্দ্রে থাকবেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর।

সেপ্টেম্বরেই তাঁর চেয়ারম্যান হিসেবে তিন বছর পূর্ণ হচ্ছে। তার পর তিনি দায়িত্বে থাকবেন কি না, নাকি আরও এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হবে—তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

খবর অনুযায়ী, শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর অগরকরের সঙ্গে বৈঠকে বসবেন বিসিসিআইয়ের শীর্ষকর্তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, নির্বাচক সর্বোচ্চ চার বছর দায়িত্বে থাকতে পারেন। ফলে আরও এক বছরের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তের আগে অগরকরের সঙ্গে বোর্ডকর্তাদের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।


এই বৈঠকের নেপথ্যে রয়েছে ভারতীয় ক্রিকেটের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং মতপার্থক্যের জল্পনা। বিশেষ করে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে নির্বাচক কমিটি এবং বোর্ডের একাংশের মধ্যে মতের ফারাক তৈরি হয়েছে বলেই বিভিন্ন মহলের দাবি। রোহিতের এক দিনের ক্রিকেট এবং ২০২৭ সালের বিশ্বকাপের পরিকল্পনা নিয়েষ দীর্ঘ দিন ধরেই চলছে আলোচনা। সেই পরিস্থিতিতেই অগরকরের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

অগরকর অবশ্য এর আগে বিরাট কোহলি এবং রোহিতের ২০২৭ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে স্পষ্ট করে কোনো নিশ্চয়তা দিতে চাননি। তাঁর কথায়, ‘দু’বছর পরে পরিস্থিতি কী হবে, তা বলা কঠিন।’

২০২৩ সালের জুলাইয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় দলের একাধিক প্রজন্ম পরিবর্তনের সাক্ষী থেকেছেন আগরকর। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে রোহিত-বিরাটের অবসরের পর নতুন দল গড়ার দায়িত্বও ছিল তাঁর কাঁধে। শুভমান গিলকে এক দিনের ক্রিকেটে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েও তাঁকে প্রবল আলোচনার মুখে পড়তে হয়েছে।

এখন প্রশ্ন একটাই—শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পর কি আগরকরের উপর আস্থা রাখবে বিসিসিআই? নাকি ভারতীয় নির্বাচক কমিটিতে শুরু হবে নতুন অধ্যায়? সেপ্টেম্বরের আগে সেই উত্তর মিলতে পারে বলেই জল্পনা ভারতীয় ক্রিকেট মহলে।