সোনা অধরা, অনাহত-অভয়ের হাত ধরে এশিয়ান গেমস স্কোয়াশে জোড়া রুপো ভারতের

Photo: X

রবিবার সকাল থেকে প্রত্যাশা ছিল দু’টি সোনার। কিন্তু শেষ পর্যন্ত স্কোয়াশের কোর্ট থেকে এল দু’টি রুপো। এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা সিঙ্গলসের ফাইনালে মালয়েশিয়ার প্রতিপক্ষদের কাছে সরাসরি গেমে হারলেন ভারতের অভয় সিং এবং অনাহত সিং।

জোড়া সোনার আশা নিয়ে এশিয়ান গেমসে রবিবার দিনটা শুরু করেছিল ভারত। স্কোয়াশের ফাইনালে উঠেছিলেন অনাহত সিং ও অভয় সিং। কিন্তু ভারতকে শেষ পর্যন্ত রুপো এনে দিলেন তাঁরা। এই ফলাফলে তাঁরা অবশ্যই হতাশ হবেন। কারণ, অভয় সিং এবং অনাহত সিং— দু’জনের কেউই মালয়েশিয়ার প্রতিপক্ষদের সঙ্গে টক্কর দিতে পারেননি।

পুরুষদের ফাইনালে এনগ এইন ইয়ো অভয়কে ১১-৯, ১১-৫, ১১-৫-এ হারান। অন্য দিকে, মহিলাদের ফাইনালে সিভাসঙ্গরি সুব্রামণিয়াম অনাহত সিংকে ১১-৪, ১১-৪, ১১-৭-এ পরাজিত করেন।


সত্যি বলতে, অভয় এবং অনাহতকে কার্যত উড়িয়ে দিয়েছেন তাঁদের মালয়েশীয় প্রতিপক্ষরা। এই দুই রুপো জয়ের ফলে ভারতের মোট রুপোর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪-তে। ভারতের ঝুলিতে রয়েছে ৪টি সোনা এবং ১৪টি রুপো।

শুরুতে লড়াই, শেষে নিয়ন্ত্রণ হারা

পুরুষদের ফাইনালে শুরুটা খারাপ ছিল না অভয়ের। প্রথম পয়েন্ট তিনিই জেতেন। এক সময় ২-১-এ এগিয়েও যান। কিন্তু তার পরেই ম্যাচের রাশ হাতে নেন মালয়েশিয়ার বিশ্ব ক্রমতালিকায় ১৮ নম্বরে থাকা এইন ইয়ো। দ্রুত তিন পয়েন্ট তুলে ৬-৩ এগিয়ে যান তিনি।

অভয় অবশ্য হাল ছাড়েননি। ৬-৩ থেকে দুর্দান্ত ভাবে ঘুরে এসে প্রথম গেমে ৮-৮ করে ফেলেন। মনে হচ্ছিল, ম্যাচ জমে উঠবে। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ফের এগিয়ে যান এইন ইয়ো। ১০-৮ থেকে অভয় এক পয়েন্ট তুললেও শেষ পর্যন্ত ১১-৯-এ প্রথম গেম জিতে নেন মালয়েশিয়ার খেলোয়াড়।

দ্বিতীয় গেমে আর তেমন সুযোগই পাননি অভয়। ৩-৬ পিছিয়ে যাওয়ার পর ব্যবধান কমানোর চেষ্টা করলেও এইন ইয়ো তাঁকে কাছে ঘেঁষতে দেননি। ১১-৫-এ দ্বিতীয় গেম জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যান তিনি।

তৃতীয় গেমে অবশ্য প্রত্যাবর্তনের শেষ চেষ্টা করেন অভয়। এক সময় ৫-৩-এ এগিয়েও যান। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেননি। পাল্টা আক্রমণে ফিরে এসে ১১-৫-এ গেম এবং ম্যাচ জিতে নেন এইন ইয়ো। ফলে ৯-১১, ৫-১১, ৫-১১ হারে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় অভয়কে।

এই রুপো অবশ্য অভয়ের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। পাকিস্তানের মুহাম্মদ ইরফানকে সেমিফাইনালে ১১-৩, ১২-১০, ১১-৬ হারিয়ে তিনি এশিয়ান গেমসের পুরুষ সিঙ্গলসের ফাইনালে ওঠা দ্বিতীয় ভারতীয় হয়েছিলেন। এর আগে সৌরভ ঘোষাল এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

অনাহতও পারলেন না ঘুরে দাঁড়াতে

অভয়ের পর কোর্টে নামেন অনাহত। প্রত্যাশা ছিল, অভয়ের হতাশার পর অন্তত তাঁর হাত ধরে আসবে সোনা। কিন্তু শুরু থেকেই সিভাসঙ্গরির আক্রমণের সামনে সমস্যায় পড়ে যান ভারতের ১৮ বছরের তারকা।

ম্যাচের শুরুতে অবশ্য অনাহত ৩-১ এগিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে পরপর পয়েন্ট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন মালয়েশিয়ার খেলোয়াড়। প্রথম গেমে ৮-৩ এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ১১-৪-এ জিতে নেন সিভাসঙ্গরি।

দ্বিতীয় গেমেও ছবিটা বদলায়নি। অনাহতকে চাপের মধ্যে রেখে শুরু থেকেই এগিয়ে যান সিভাসঙ্গরি। ৯-৩ এগিয়ে যাওয়ার পর আর কোনও সুযোগ দেননি। শেষ পর্যন্ত ১১-৪-এ দ্বিতীয় গেমও তাঁর দখলে চলে যায়।

তৃতীয় গেমে ম্যাচ বাঁচানোর মরিয়া চেষ্টা করেন অনাহত। কিন্তু সিভাসঙ্গরির আত্মবিশ্বাসী খেলার সামনে তা যথেষ্ট হয়নি। শেষ গেম ১১-৭ জিতে সরাসরি গেমে ম্যাচ পকেটে পুরে নেন মালয়েশিয়ার তারকা।

ফলে দুই ফাইনালেই সোনা হাতছাড়া হলেও ভারতের ঝুলিতে আসে দু’টি রুপো। আর অনাহতের জন্য এই পদকটি স্পেশ্যাল। কারণ, এশিয়ান গেমসে মহিলা সিঙ্গলস স্কোয়াশে পদকজয়ী প্রথম ভারতীয় হলেন তিনি।