বীরুর ছায়া দেখা যাচ্ছে তাঁর ছেলের ব্যাটেও! অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ঝড়ের বেগে ১৭৩ তুললেন আর্যবীরও

Aaryavir Photo-SNS

বাবা বীরেন্দ্র সেহবাগের আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক এ বার দেখা যাচ্ছে ছেলে আর্যবীর সেহবাগের ব্যাটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে তাঁর সাম্প্রতিক ইনিংস সেই ইঙ্গিতই দিচ্ছে। শুক্রবার বিনু মানকড় ট্রফির এলিট পর্যায়ের ম্যাচে চণ্ডীগড় অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ১৪৩ বলে ১৭৩ রান করলেন দিল্লির অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল ১৯টি চার ও ৮টি ছয়। প্রতিপক্ষের বোলারদের উপর কার্যত ঝড় বইয়ে দিলেন ১৮ বছরের এই ব্যাটার।

চণ্ডীগড়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল দিল্লি। ওপেনিংয়ে আর্যবীরের সঙ্গী অর্ণব বাগ্গা করেন ৪৭ রান। প্রথম উইকেটে দু’জনে যোগ করেন ৯৮ রান। তবে অর্ণব ফেরার পর দিল্লির ইনিংসে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে।

এক দিকে যখন সতীর্থদের আসা-যাওয়া চলছে, তখন অন্য প্রান্তে অবিচল আর্যবীর। একের পর এক উইকেট পতনেও আক্রমণাত্মক ব্যাটিং থেকে সরে আসেননি তিনি। উইকেটরক্ষক-ব্যাটার অভিরাজ সিংয়ের সঙ্গে ৪৮ রান যোগ করেন। পরে শান্তনু যাদবের সঙ্গে পঞ্চম উইকেটে তাঁর ৮৯ রানের পার্টনারশিপ দিল্লিকে আরও এগিয়ে দেয়।


শেষ পর্যন্ত ৪৬তম ওভারে শ্রেষ্ঠ দুগ্গলের বলে আউট হন আর্যবীর। দুশো রানের গণ্ডী থেকে মাত্র ২৭ রান দূরে থামতে হয় তাঁকে। তাঁর ১৭৩ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান তোলে দিল্লি।

আর্যবীরের এই ইনিংস বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এক দিনের যুব সিরিজে অভিষেক হয়েছিল তাঁর। তিনটি ইনিংসে ১০৯ রান করেছিলেন তিনি। তবে বড় রান না পাওয়ার আক্ষেপ ছিল। বিনু মানকড় ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে সেই আক্ষেপ অনেকটাই মিটল।

দিল্লির হয়ে বিনু মানকড় ট্রফিতে অধিনায়কের দায়িত্বও সামলাচ্ছেন আর্যবীর। এর আগে ঘরোয়া ক্রিকেটে তাঁর প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল। এ বার এই ১৭৩ রানের ইনিংস তাঁকে নতুন করে আলোচনায় নিয়ে এল।

বাবা সেহবাগের নামের সঙ্গে তুলনা যে আসবেই, তা বলার অপেক্ষা রাখে না। তবে নিজের ব্যাটিং দিয়েই আলাদা পরিচিতি গড়ে তোলার পথে এগোচ্ছেন আর্যবীর। চণ্ডীগড়ের বিরুদ্ধে তাঁর এই ইনিংসের পর নজর থাকবে আগামী ম্যাচগুলিতে তাঁর পারফরম্যান্সের দিকেও।