বাবার ব্যাটিংয়ের ঝলক ছেলের পারফরম্যান্সে, নজর কাড়লেন আর্যবীর, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১০ উইকেটে জয় দিয়ে শুরু ভারতের

Aaryavir Sehwag Photo-SNS

বাবা বীরেন্দ্র শেহবাগের ব্যাটিংয়ের ঝলক এ বার দেখা যাচ্ছে ছেলের খেলাতেও। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচেই সেই ঝলক দেখালেন আর্যবীর শেহবাগ। নেপালের বিরুদ্ধে অপরাজিত ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে ১০ উইকেটে জেতালেন তিনি। শুক্রবার ওমানের আল আমেরাতে প্রথমে বল হাতে, পরে ব্যাটে—দুই বিভাগেই দাপট দেখাল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টের শুরুতেই বড় জয় তুলে নিয়ে রবিবারের পাকিস্তান ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল তারা।

প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে কোনও উইকেট না হারিয়ে মাত্র ১৯.১ ওভারেই ১২৯ রান তুলে নেয় ভারত। ১৮৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় তারা। আর সেই জয়ের নায়ক আর্যবীর ও অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি।

টস জিতে নেপালকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন ভারতীয় বোলাররা। এক সময় ৫১ রানে চার উইকেট হারিয়ে বসে নেপাল। সেখান থেকে দলের ইনিংস দীর্ঘায়িত করার চেষ্টা করেন দর্শ সোনার। ৯৩ বলে ৪৩ রান করেন তিনি। আশিস লুথারের অবদান ২৯ রান। কিন্তু বাকিরা কেউই বড় রান করতে পারেননি। ৪২.৩ ওভারে ১২৮ রানেই শেষ হয়ে যায় নেপালের ইনিংস।


 

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ইশান সুদ। ১০ ওভার বল করে ১৮ রানে তিন উইকেট নেন তিনি। তাঁর স্পেলেই নেপালের ব্যাটিংয়ের ভিত নড়ে যায়। পরে অরুণ রাজপুতও তিন উইকেট তুলে নেন। ৫.৩ ওভারে মাত্র আট রান দিয়ে তাঁর এই সাফল্য। ম্যাচের সেরা নির্বাচিত হন ইশান।

১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি প্রথম দিকে রান তোলার দায়িত্ব নেন। তার পর ক্রমশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন আর্যবীর। মাত্র ৫২ বলে ৭০ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে রয়েছে সাতটি চার ও চারটি ছয়।

অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করেন লক্ষ। ৬৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক। তাঁর ইনিংসে সাতটি চার। দুই ওপেনারের অবিচ্ছিন্ন জুটিতেই অনায়াসে জয় পায় ভারত।

বাবা বীরেন্দ্র শেহবাগের মতোই ক্রিজে নেমে আগ্রাসী ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়েছেন আর্যবীর। তবে শুধু বড় শট নয়, কোন বল আক্রমণ করতে হবে, তা বেছে নেওয়ার পরিণতিও দেখা গিয়েছে তাঁর ইনিংসে। এ বার সামনে পাকিস্তান। রবিবার সেই ম্যাচে আর্যবীরের ব্যাটে ফের ঝড় ওঠে কি না, নজর থাকবে সেদিকেই।