জামশেদপুরে আলাদা গ্যালারি থাকছে সবুজ-মেরুন সমর্থকদের জন্য

প্রতীকী চিত্র

আইএসএল ফুটবলে আগামী ৪ এপ্রিল জামশেদপুরে খেলতে যাবে মোহনবাগান সুপার জায়ান্টস। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে গত তিনটি ম্যাচে সবুজ-মেরুন সমর্থকদের উপরে হামলা হওয়ায় এবারে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল সমর্থকদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে হবে। যেহেতু এই ম্যাচটি জামশেদপুর এফসি আয়োজন করছে, তাই তাদের কাছে এই আবেদন করা হয়েছিল মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে।

এই আবেদনের পরিপ্রেক্ষিতেই জামশেদপুর স্টেডিয়ামে চার হাজার মোহনবাগান সমর্থকদের জন্য আলাদা গ্যালারিতে বসার ব্যবস্থা করা হয়েছে। এমনকি প্রবেশপথও থাকবে শুধু মোহনবাগান সমর্থকদের জন্য। জামশেদপুরের কর্মকর্তারা জানিয়েছেন, আমরা সবরকম নিরাপত্তার ব্যবস্থা করব। থাকবে বিশেষ নজরদারি। আমরা কখনওই চাই না খেলার মাঠে গণ্ডগোল হোক এবং সমর্থকরা আহত হন। তাঁরা আরও জানিয়েছেন, মোহনবাগান সমর্থকদের গ্যালারিতে যে অংশে বসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী থাকবে। মোহনবাগানের কর্মকর্তাদের কাছে ইতিমধ্যেই তাঁদের চিঠি পৌঁছে গিয়েছে।

এদিকে শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গণে প্র্যাকটিস মাঠে কোচ সার্জিও লোবেরোর নেতৃত্বে সবুজ-মেরুন ফুটবলাররা প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করেছেন। তবে এদিন অনুশীলনে ছিলেন না ম্যাকলারেন। শুধু তাই নয়, মোহনবাগান দল থেকে ৬ জন খেলোয়াড় ভারতীয় সিনিয়র দলের ক্যাম্পে চলে গেছেন। আর তিনজন খেলোয়াড় ভারতীয় জুনিয়র দলে ডাক পেয়েছেন। স্বাভাবিকভাবেই দল কিছুটা অসুবিধার মধ্যে পড়লেও কোচ মনে করছেন, রিজার্ভ বেঞ্চে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন, তাঁরা অবশ্যই পুষিয়ে দেবেন। এদিন অনুশীলনে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে দেখে নেওয়া হয়েছিল। তাঁরা সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে দারুণ অনুশীলনও করেন। জানা গেছে, শনিবারই ম্যাকলারেন দলের সঙ্গে যোগ দেবেন।