নিজের ক্রিকেটজীবনের পরিচিত মুহূর্ত পর্দায় কী ভাবে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে আপত্তি তুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই অভিযোগ ঘিরে আইনি লড়াইয়ে নতুন মোড় এলো। শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক অভিনয় দেওয়ের ছবি ‘দুসরা: ইন্ডিয়া’জ আদার ফ্রিডম স্ট্রাগল’। তবে ছবির মুক্তি আটকানো না গেলেও বিতর্কে ইতি পড়েনি। সৌরভের ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে ছবিটির নির্মাতাদের জবাব চেয়েছে দিল্লি হাই কোর্ট। পাশাপাশি, ছবিটি তাঁদের দেখানোর ব্যবস্থাও করতে বলেছে আদালত।
সৌরভ ও প্রযোজনা সংস্থা লভ ফিল্মস এলএলপি যৌথ ভাবে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁদের অভিযোগ, প্রাক্তন ভারত অধিনায়কের নাম, পরিচিতি এবং ক্রিকেটজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে তাঁর অনুমতি ছাড়াই বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হয়েছে।
বিশেষ করে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর লর্ডসে সৌরভের জার্সি খুলে ওড়ানোর ঐতিহাসিক মুহূর্তটি নিয়ে আপত্তি রয়েছে তাঁদের। অভিযোগকারীদের বক্তব্য, এই ধরনের পরিচিত দৃশ্য ব্যবহার করে ছবির প্রচার ও ব্যবসায়িক সাফল্য বাড়ানোর চেষ্টা হয়েছে। অথচ ছবিটি তৈরির জন্য সৌরভের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।
সৌরভের পক্ষের আইনজীবীর বক্তব্য, ছবি ইতিমধ্যেই মুক্তি পেলেও আদালতের কাছে তার প্রদর্শন বন্ধ করার আবেদন জানানোর সুযোগ রয়েছে। ফলে ছবির মুক্তি নির্মাতাদের আইনি দায় থেকে মুক্তি দিচ্ছে না।
অন্য দিকে, ছবির নির্মাতাদের আইনজীবীরা অভিযোগের বিরোধিতা করেছেন। তাঁদের বক্তব্য, ‘দুসরা’ সৌরভের জীবনীচিত্র নয়। এটি রাজস্থানের এক মধ্যবিত্ত পরিবারের তরুণী তারার কাল্পনিক কাহিনি। ক্রিকেটের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা এবং সৌরভের লড়াকু মানসিকতা ওই চরিত্রকে অনুপ্রাণিত করেছে।
নির্মাতাদের আরও দাবি, ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ম্যাচের দৃশ্য ব্যবহারের জন্য সংশ্লিষ্ট স্বত্বাধিকারীদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। তাঁদের যুক্তি, কোনও ক্রিকেটার সংশ্লিষ্ট ম্যাচের সম্প্রচারিত দৃশ্যের উপর একক ভাবে ব্যক্তিত্বের অধিকার দাবি করতে পারেন না।
বৃহস্পতিবার ছবির মুক্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছিল আদালত। শুক্রবার বিচারপতি বিনোদ কুমারের বেঞ্চে ফের মামলাটির শুনানি হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, নির্মাতাদের লিখিত জবাব পাওয়ার পরই অন্তর্বর্তী কোনও নির্দেশ দেওয়া হবে কি না, তা বিবেচনা করা হবে।
এই মামলায় ছবিটি দেখানোর নির্দেশ বেশ তাৎপর্যপূর্ণ। অভিযোগের সত্যতা যাচাই করতে বিচারপতি নির্মাতাদের এমন ব্যবস্থা করতে বলেছেন, যাতে আদালত নিজেই ছবিটি দেখতে পারে। অর্থাৎ, শুধু দুই পক্ষের দাবি শুনে নয়, পর্দায় কী দেখানো হয়েছে, তা খতিয়ে দেখেও সিদ্ধান্ত নিতে চায় আদালত।
সৌরভের এই মামলা তাঁর আসন্ন সরকারি বায়োপিকের সঙ্গেও যুক্ত। লভ ফিল্মসের সঙ্গে চুক্তি অনুযায়ী, সৌরভের জীবন ও ক্রিকেটজীবন নিয়ে একটি জীবনীচিত্র তৈরির পরিকল্পনা রয়েছে সংস্থাটির। সেই প্রেক্ষিতে ‘দুসরা’য় তাঁর পরিচিতি ও ক্রিকেটজীবনের ঘটনাগুলির ব্যবহার নিয়ে আপত্তি তুলেছে তারা।
আগামী ২৯ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি। তার আগে নির্মাতাদের জবাব এবং ছবিটি দেখার পর আদালত কী অবস্থান নেয়, সে দিকেই নজর থাকবে।