ক্রিকেটে প্রথম বার জাপানের মুখোমুখি ভারত, এশিয়ান গেমসের আগে ঐতিহাসিক টি-টোয়েন্টিতে শুরু নতুন অধ্যায়

PIC-X

ক্রিকেটের ইতিহাসে নতুন পালক। এ বার জাপানের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে হবে সেই ঐতিহাসিক ম্যাচ। ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের নতুন অধ্যায়।

শুধু ক্রিকেটীয় লড়াই নয়, এই ম্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও। ভারত এবং জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একাধিক অনুষ্ঠানের অংশ হিসাবেই এই ম্যাচ। ‘সুজুকি কাপ’-এর অধীনে হবে এক ম্যাচের এই টি-টোয়েন্টি।

আরও বড় বিষয়, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সঙ্গে জাপানের পুরুষ দলের এটাই প্রথম সাক্ষাৎ। ফলে ম্যাচটির ঐতিহাসিক গুরুত্ব আলাদা। জাপানে ক্রিকেট এখনও জনপ্রিয়তার দিক থেকে ফুটবল, বেসবলের মতো খেলাগুলির পিছনে। বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দলের বিরুদ্ধে ভারতের মাটিতে নয়, জাপানের মাটিতেই এই ম্যাচ আয়োজন সেই দেশে ক্রিকেটকে আরও পরিচিত করে তুলতে পারে।


এই ম্যাচকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ড যৌথ ভাবে ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের সূচনা করছে। মূল লক্ষ্য খেলাধুলার মাধ্যমে ভারত ও জাপানের মধ্যে সহযোগিতা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়ানো। দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকে এই উদ্যোগের ভাবনা সামনে এসেছিল। ভারতের ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের আগ্রহের কথাও এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে।

ভারতের জন্য ম্যাচটির সময়ও তাৎপর্যপূর্ণ। ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে খেলার পরই ভারতীয় দল এশিয়ান গেমসে নামবে। ফলে জাপানের বিরুদ্ধে ম্যাচটি এশিয়ান গেমসের আগে প্রস্তুতির সুযোগ হিসাবেও দেখা হচ্ছে। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে সেপ্টেম্বরের শেষ দিকে।

জাপানও এই ম্যাচকে নিজেদের ক্রিকেটের জন্য বড় সুযোগ হিসাবে দেখছে। আন্তর্জাতিক ক্রিকেটে জাপানের পথচলা খুব দীর্ঘ নয়। পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তারা ইতিমধ্যেই একাধিক ম্যাচ খেলেছে এবং এশিয়ার আঞ্চলিক ক্রিকেটে নিজেদের জায়গা তৈরির চেষ্টা করছে। বিশ্বের অন্যতম সেরা দল ভারতের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা জাপানের ক্রিকেটারদের কাছে নিঃসন্দেহে বড় প্রাপ্তি হবে।