পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে তাঁকে প্রায় তিন ঘণ্টা ধরে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। বর্তমানে ওই জেলেই বন্দি রয়েছেন সুজিত।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পাশাপাশি তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিধানসভা নির্বাচনের পর গত ১১ মে সুজিতকে গ্রেফতার করেছিল ইডি। পরে জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় সিবিআই। আদালতের অনুমতি পাওয়ার পর শনিবার জেরা করা হয় তাঁকে।
সিবিআই সূত্রে খবর, মূলত দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতিতে সুজিতের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই মামলায় সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটে তাঁর নাম না থাকলেও ইডির চার্জশিটে সুজিত ও তাঁর পুত্রের নাম রয়েছে।
অভিযোগ, পুরসভার বিভিন্ন পদে বেআইনিভাবে প্রার্থী নিয়োগের সুপারিশ করতেন তাঁরা। দুর্নীতির টাকা বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় বিনিয়োগের অভিযোগও উঠেছে। যদিও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সুজিত।
জামিনের জন্য একাধিকবার আদালতে আবেদন করলেও এখনও পর্যন্ত স্বস্তি পাননি তিনি। তাঁর আবেদন খারিজ হয়েছে।
এদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সম্প্রতি গতি বাড়িয়েছে সিবিআই। রাজ্যের বিভিন্ন পুরসভার কর্মী, প্রাক্তন পদাধিকারী এবং সরকারি আধিকারিকদের দফায় দফায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তের সূত্রে সুজিতের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁর কন্যা মোহিনী বসুকেও জেরা করা হয়েছে। এবার জেলে গিয়ে সুজিতকে জিজ্ঞাসাবাদের পর তদন্তে কোন নতুন তথ্য উঠে আসে, সেদিকেই নজর।