অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে ভারত। পাথুমথানির থামাসাত স্টেডিয়ামে গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের মুখোমুখি হবে তারা। এই টুর্নামেন্টে ছ’বারের চ্যাম্পিয়ন জাপান। তার উপর সম্প্রতি সিনিয়র মহিলা দল এশিয়ান কাপে জাপানের কাছে ১১-০ গোলে লজ্জার হার স্বীকার করেছে। ফলে, এই ম্যাচে আপাতত সিনিয়র দলের সেই ব্যর্থতা ঢাকাই প্রধান চ্যালেঞ্জ সুলঞ্জনা রাউলদের কাছে।
দীর্ঘ প্রায় কুড়ি বছর পর ফের একবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র আদায় করেছে ভারত। তাই, প্রথম ম্যাচে ভালো ফলাফল করতে মরিয়া কোচ কোচ জোয়াকিম আলেকজান্ডারসনের দল। বিষয়টি নিয়ে ম্যাচের আগেরদিন মুখ খুলেছেন সুইডিশ এই কোচ। জানিয়েছেন, দীর্ঘ কুড়ি বছর ফের একবার এই টুর্নামেন্টে খেলতে নামছে ভারত। স্বাভাবিকভাবেই লড়াইটা তাদের জন্য খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন তিনি। একইসঙ্গে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান করছেন তিনি।
প্রথম ম্যাচে নামার আগে আলেকজান্ডারসনের স্পষ্ট বক্তব্য, তাদের মূল লক্ষ্য গ্রুপ পর্বের বাধা টপকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন। সেই লক্ষ্যে বিগত তিন মাস দল দারুন প্রস্তুতি নিয়েছেন বলেও জানান ভারতের কোচ। তাই, এই টুর্নামেন্টে খেলার জন্য যে তাঁর দল পুরোপুরি তৈরী সেকথাও জানাতে ভুললেন না তিনি।
এই ম্যাচটা যে নিঃসন্দেহে ভারতের জন্য অন্যতম একটা কঠিন ম্যাচ হতে চলেছে, তা বলাই বাহুল্য। এই টুর্নামেন্টে ছ’বারের চ্যাম্পিয়ন জাপান অন্যতম শক্তিশালী একটি দল। তার উপর দলের কোচ আকিরা ইজিরি ইতিমধ্যেই তাঁর লক্ষ্য সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এশিয়ান কাপের গ্রুপপর্ব পেরিয়ে তারা বিশ্বকাপ জিততে চান। তাই, প্রথম ম্যাচে ভারতের জন্য লড়াইটা খুব একটা সহজ হবে না।