অশালীন আচরণ-বিনা টিকিটে ভ্রমণ, নিয়ম না মানলেই পকেট থেকে খসবে মোটা টাকা

Photo: File Photo

মেট্রো স্টেশনে অশালীন আচরণ, নিষিদ্ধ এলাকায় প্রবেশ, কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্বে ভ্রমণের দিন শেষ। এবার এই ধরনের একাধিক নিয়মভঙ্গের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে কলকাতা মেট্রো। মেট্রোতে জন বিশ্বাস আইন, ২০২৬ কার্যকর হতে চলেছে। নতুন আইন অনুযায়ী, বিভিন্ন অপরাধের ক্ষেত্রে আলাদা আলাদা জরিমানার অঙ্ক বাড়ানোর নিয়ম আনা হয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকটি অপরাধের ক্ষেত্রে কারাদণ্ডের নিয়মও আনা হয়েছে।

অনেক যাত্রীই মেট্রোতে কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্বে ভ্রমণ করে থাকেন। আবার অনেকসময়ে একজন যাত্রী টিকিট কেটে গেট দিয়ে পার হওয়ার সময়ে তাঁর সঙ্গে অন্য যাত্রীও পার হওয়ার মতো ঘটনা দেখা যায়। কিন্তু এবার থেকে আর এসব চলবে না। নতুন নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী এরকম করলে তাঁকে বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করা হবে। সেই সঙ্গে জরিমানাও করা হবে। সেক্ষেত্রে বিনা টিকিটে ধরা পড়া যাত্রীর কাছ থেকে ৫০০ টাকা জরিমানা নেওয়া হবে। তবে আগে এক্ষেত্রে ২৫০ টাকা জরিমানা নেওয়া হত।

জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় কোনও যাত্রী যদি অন্য কোনও যাত্রীকে বিরক্ত করেন তাহলে অভিযুক্তকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে তাঁকে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে। এর পাশাপাশি তাঁকে ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ডও দেওয়া হতে পারে। মেট্রো চত্বরে কেউ অশালীন বা অসভ্য আচরণ করলে বা অন্য যাত্রীদের অসুবিধার সৃষ্টি করলে তাঁকে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা দিচে হতে পারে। এমনকী ওই যাত্রীর টিকিটও বাতিল হতে পারে।


এছাড়াও মেট্রোর কামরা ও ভূগর্ভস্থ স্টেশনে ধূমপান একেবারে নিষিদ্ধ। যদি কেউ সেই নিয়ম না মানেন তাহলে তাঁকে ২ হাজার টাকা জরিমানা দিতে হবে। তিনি যদি তা দিতে অস্বীকার করেন, তাহলে তাঁকে আদালতে পেশ করা হবে। সেক্ষেত্রে তাঁর ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এর পাশাপাশি তাঁর টিকিট বা পাসও বাজেয়াপ্ত করা হতে পারে।

যদি কোনও ব্যক্তি মেট্রো ট্র্যাক বা কোনও নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন তাহলে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হবে। তিনি জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর পাশাপাশি ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। সকল যাত্রীকে নিয়ম মেনে ও নিরাপদে যাতায়াত করার আবেদন জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।