সাউথ পয়েন্ট স্কুলে নবম শ্রেনীর এক ছাত্রের উপরে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের পরে কেটে গিয়েছে ২৪ ঘন্টারও বেশি সময়। এই ঘটনার পরেই পড়ুয়াদের নিরাপত্তাদের নিয়েই প্রশ্ন তুলেছিলেন অভিভাবকেরা। গলায় ক্ষত নিয়ে এখন কেমন আছে সেই পড়ুয়া? স্কুলই বা কী জানিয়েছে ঘটনা নিয়ে?
স্কুল কতৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ছাত্র ধীরে ধীরে সুস্থ হচ্ছে। তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ রাখাও হচ্ছে। সেই সঙ্গে আক্রান্ত শিশুটির শারীরিক পরিস্থিতির দিকেও নজর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে স্বাভাবিক আবহাওয়া রয়েছে স্কুল প্রাঙ্গনেও। অভিযুক্ত ছাত্রটিকে আপাতত বাড়িতে রাখা হয়েছে। সেই সঙ্গে মনোবিদের মাধ্যমে কাউন্সেলিং করানোর উপদেশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আগামী সপ্তাহে স্কুলের তরফে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দমন) কুণাল আগরওয়াল আগেই জানিয়েছিলেন, স্কুলের তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, পুলিশ জুভেনাইল জাস্টিস বোর্ডে অভিযোগ পাঠাবে। সেই বোর্ডই ঠিক করবে কোনও সেকশন দেওয়া হবে কি না। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার অভিযুক্ত বইয়ের পাতা ছিঁড়ে দিয়েছিল। বুধবার ওই ছাত্র ক্লাস টিচারের কাছে অভিযোগ জানাতে যায়। অভিযোগ, তখনই অভিযুক্তকে ডাকতে সে ধারালো অস্ত্র দিয়ে ওই ছাত্রকে আঘাত করে।