দীর্ঘদিনের নাম পরিবর্তনের বিতর্কে ফের নতুন করে উদ্যোগী হল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাব আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় পেশ করা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় প্রস্তাবটি পাশ হলে চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে।
আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশনেই রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
রাজ্যের নাম পরিবর্তনের ভাবনা অবশ্য নতুন নয়। প্রশাসনিক সুবিধার পাশাপাশি জাতীয় স্তরে রাজ্যের পরিচিতি ও প্রতিনিধিত্বের বিষয়টিও এই উদ্যোগের অন্যতম কারণ। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বৈঠকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে রাজ্যগুলির প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। সেই তালিকায় ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের কারণে পশ্চিমবঙ্গের স্থান থাকে একেবারে শেষে। ফলে বৈঠকে বক্তব্য রাখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় রাজ্যের প্রতিনিধিদের। তার উপর প্রথম দিকের বক্তারা নির্ধারিত সময়ের বেশি সময় নিয়ে নিলে শেষের দিকে থাকা রাজ্যগুলির প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগও সীমিত হয়ে যায়। এই সমস্যা বিবেচনা করেই বাম আমলে রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
১৯৯৯ সালের ২০ জুলাই বিধানসভায় রাজ্যের নাম সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাব আনা হয়। তবে আলোচনার সময় ‘পশ্চিমবঙ্গ’-এর পরিবর্তে ‘বাংলা’ নামের পক্ষে মত জোরালো হয়ে ওঠে। সেই অনুযায়ী তৎকালীন শাসক বামফ্রন্ট এবং বিরোধী কংগ্রেস ও তৃণমূলের তরফে প্রস্তাবে সংশোধনী আনা হয়েছিল। যদিও পরবর্তী সময়ে সেই উদ্যোগ আর বিশেষ এগোয়নি।
এর প্রায় ১৭ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দফার সরকার ক্ষমতায় আসার পর ফের রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি সামনে আসে। ২০১৬ সালের ২ অগস্ট রাজ্য মন্ত্রিসভায় নাম পরিবর্তন সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়। সেখানে তিনটি ভাষায় তিনটি পৃথক নামের প্রস্তাব দেওয়া হয়েছিল। বাংলা ভাষায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’ নাম রাখার কথা বলা হয়।
এই প্রস্তাবের বিরোধিতা করে বামেরা। তাদের আনা সংশোধনী বিধানসভায় ১৮৯-৩১ ভোটে খারিজ হয়ে যায়। পরে বাম ও কংগ্রেস বিধায়কদের অনুপস্থিতিতে মূল প্রস্তাবটি বিধানসভায় পাশ করিয়ে কেন্দ্রের কাছে পাঠানো হয়। কিন্তু রাজ্যের জন্য তিনটি ভাষায় তিনটি পৃথক নাম রাখার প্রস্তাবে আপত্তি জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের বক্তব্য ছিল, কোনও রাজ্যের নাম পরিবর্তন করতে হলে সব ভাষাতেই একটি অভিন্ন নাম রাখতে হবে। সেই কারণে প্রস্তাবটি রাজ্যের কাছে ফেরত পাঠানো হয়।
এরপর কেন্দ্রের নির্দেশ মেনে ২০১৮ সালের ২৬ জুলাই বিধানসভায় ফের নাম পরিবর্তনের প্রস্তাব আনা হয়। সে বার রাজ্যের নাম ‘বাংলা’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে নামের সাদৃশ্য নিয়ে আপত্তি উঠলেও বিধানসভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। পরে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হয়।
প্রস্তাবটির দ্রুত নিষ্পত্তির জন্য তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি বিবেচনার আশ্বাসও মিলেছিল। কিন্তু শেষ পর্যন্ত ‘বাংলা’ নামকরণের প্রস্তাব বাস্তবায়িত হয়নি।
এ বার সরকার পরিবর্তনের পর ফের নাম বদলের উদ্যোগ শুরু হয়েছে। তবে আগের প্রস্তাবগুলির তুলনায় এ বারের প্রস্তাবে ‘পশ্চিমবঙ্গ’ নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় প্রস্তাবটি পেশ হওয়ার পর তা পাশ হলে চূড়ান্ত সিদ্ধান্তের ভার থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে।