সরকারি চাকরির আবেদনে আর লাগবে না ফি, ১০ হাজারের বেশি নিয়োগের ঘোষণা শুভেন্দুর

CM Suvendu Adhikari Photo-SNS

সরকারি চাকরির আবেদন করতে আর কোনও ফি দিতে হবে না চাকরিপ্রার্থীদের। রাজ্যের সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন ফি মকুবের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়। এবার থেকে চাকরির আবেদনের খরচ বহন করবে রাজ্য সরকার।

এ দিন আবেদন ফি মকুবের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, সাধারণ শ্রেণির প্রার্থীদের কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় আবেদনের জন্য সবচেয়ে বেশি টাকা দিতে হয়। পুলিশ নিয়োগের ক্ষেত্রেও আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হয়। বেকার যুবক-যুবতীদের যাতে চাকরির পরীক্ষায় বসার জন্য আর্থিক চাপের মুখে পড়তে না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়।

পাশাপাশি, এ দিন রাজ্যের বিভিন্ন দফতরে ১০ হাজার ১৪৭ জন কর্মী নিয়োগের সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য-সহ একাধিক দফতরে এই নিয়োগ হবে। কিছু ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে মোট এক লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরেই ১ হাজার ৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানান শুভেন্দু।


নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জানুয়ারির মধ্যে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করা হবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল রাজ্যে সরকারি নিয়োগে গতি আনা এবং বেকারত্বের সমস্যা মোকাবিলা করা। ক্ষমতায় আসার পর থেকেই সেই লক্ষ্যে একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করছে নতুন সরকার। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সরকারি চাকরির পরীক্ষায় আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ এ পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৪১ বছর, গ্রুপ বি-তে ৪৪ বছর এবং গ্রুপ সি ও ডি পদে ৪৫ বছর করা হয়েছে। তৎকালীন সরকারের আমলে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় বহু যুবক-যুবতী বয়সের কারণে পরীক্ষায় বসার সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের সুযোগ করে দিতেই বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছিল।

এ বার বয়সসীমা বাড়ানোর পাশাপাশি আবেদন ফি মকুবের সিদ্ধান্তও ঘোষণা করল রাজ্য সরকার। ফলে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের আর আবেদন করার জন্য নির্দিষ্ট ফি দিতে হবে না। তবে এই সিদ্ধান্ত কার্যকর করার বিস্তারিত নিয়ম ও সময়সীমা পরবর্তী সময়ে স্পষ্ট হতে পারে।