কলকাতায় একসঙ্গে দু’টি এনআইএ আদালত, কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি

কলকাতায় একসঙ্গে দু'টি এনআইএ আদালত PIC- AI

সন্ত্রাসবাদ, নাশকতা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। পশ্চিমবঙ্গে দু’টি এক্সক্লুসিভ স্পেশাল এনআইএ আদালত গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ৩১ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার সিটি সেশনস কোর্ট তথা বিচার ভবনে চালু হচ্ছে Special NIA (Exclusive) Court No. 1 এবং Special NIA (Exclusive) Court No. 2। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর নেতৃত্বে সম্প্রতি অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পরই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় বিষয়টির গুরুত্ব আরও বেড়েছে।
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে পরামর্শ করেই নতুন আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ২০১৯ ও ২০২০ সালের পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিচারিক কাঠামো কার্যকর করা হয়েছে।
নতুন দুটি আদালতের আওতায় থাকবে কলকাতাসহ মোট ১৯টি জেলা—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। অন্যদিকে শিলিগুড়ির অতিরিক্ত জেলা বিচারকের প্রথম আদালত এনআইএ-র বিশেষ আদালত হিসেবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার—এই পাঁচ জেলার মামলার বিচার করবে।

সূত্রের খবর, বিচার ভবনের চতুর্থ তলায় ইতিমধ্যেই দুটি আদালতকক্ষ চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি সেখানে পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক, অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী, এনআইএ-র বিশেষ কৌঁসুলি অরুন কুমার মাইতি,কলকাতা জোনাল এনআইএ-র এসপি, পিডব্লিউডি-র আধিকারিক এবং আদালতের অন্যান্য পদস্থ কর্তারা। পরিকাঠামো সংক্রান্ত সুপারিশের ভিত্তিতেই আদালত দুটি পূর্ণাঙ্গভাবে চালুর প্রক্রিয়া এগোচ্ছে।
বর্তমানে পশ্চিমবঙ্গে এনআইএ-র মামলার জন্য নির্দিষ্ট আদালতের সংখ্যা সীমিত হওয়ায় তদন্ত শেষ হওয়া বহু মামলার শুনানি বিলম্বিত হচ্ছিল। নতুন আদালত চালু হলে মামলার জট কমবে এবং সন্ত্রাসবাদ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংক্রান্ত সংবেদনশীল মামলাগুলির নিয়মিত শুনানি নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে আইনজীবী মহল।
জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশেই দেশের বিভিন্ন রাজ্যে এনআইএ-র জন্য পৃথক এক্সক্লুসিভ আদালত গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। আদালত ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ-সহ ১৭টি রাজ্যকে এ বিষয়ে পদক্ষেপের নির্দেশ দিয়েছে। কেন্দ্রও জানিয়েছে, বিশেষ আদালতের অবকাঠামো, কর্মী, আসবাব, প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক ব্যয়ের জন্য নির্দিষ্ট আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রতিটি আদালতের জন্য প্রথম দুই বছরে এককালীন এবং বার্ষিক পুনরাবৃত্ত ব্যয়ের নির্দিষ্ট সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, বিচার ভবনে একসঙ্গে দু’টি এক্সক্লুসিভ এনআইএ আদালত চালুর সিদ্ধান্ত শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলার দ্রুত বিচার ব্যবস্থার ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে।