ভারতবিরোধী শক্তির বিনাশ হোক, দুর্গার কাছে প্রার্থনা অগ্নিমিত্রার

Minister Agnimitra Paul Photo-ANI

প্রতিবাদের আড়ালে ভারতবিরোধী শক্তির বাড়বাড়ন্ত। দেশের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ানো এবং নিজেদের স্বার্থে রাজ্যকে পিছিয়ে দেওয়া দেশ-বিরোধী শক্তিগুলির বিনাশ চেয়ে এবার দুর্গার শরণে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্গাপুজোর প্রাক্কালে তাঁর প্রার্থনা, ‘ভারতবিরোধী’ শক্তির অবসান ঘটুক দেবীর হাতে। একই সঙ্গে নিজের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত ‘বদমাইশ’দেরও নির্মূল করার আর্জি জানিয়েছেন তিনি।

সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে প্রাক-পুজো উৎসবে যোগ দিয়ে এই মন্তব্য করেন অগ্নিমিত্রা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ এগিয়ে যাচ্ছে। আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত। কিন্তু একটা রাষ্ট্রবিরোধী শক্তি দেশের এই উন্নয়ন ও অগ্রগতির পথে বাধা দিতে চাইছে। এই শক্তি নিজেদের স্বার্থের বাইরে কিছুই ভাবে না। মা দুর্গার কাছে প্রার্থনা করি তিনি যেন এই দেশ-বিরোধী শক্তিকে শেষ করে দেন। দেশ ও রাজ্যজুড়ে এই ধরনের শক্তির বিনাশ হোক, এটাই আমার প্রার্থনা।’

অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি আতসবাজির প্রদর্শনীও উপভোগ করেন মন্ত্রী। রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে উৎসবের দিনগুলিতে সতর্ক থাকার আবেদনও জানান। অগ্নিমিত্রা জানান, পুজোর সময় জরুরি পরিষেবা চালু থাকবে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা রাস্তায় নেমে পরিস্থিতির উপর নজরদারি রাখবেন। তবে উৎসবের দিনগুলির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে। পরিবেশ রক্ষায় সরকারি নির্দেশিকা মেনে চলার বার্তাও দেন তিনি।


বিজেপি শাসনে বাংলা ও বাঙালির সংস্কৃতি বিপন্ন হবে, এমন অভিযোগও খারিজ করেছেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, মহালয়ায় ইডেনে অনুষ্ঠানে মানুষের বিপুল উপস্থিতিই তার প্রমাণ। আগামী দিনে সরকারের তরফে আরও নানা উদ্যোগ নেওয়া হবে। মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে পুরমন্ত্রীর বার্তা, ‘আগামী দিনেও আমাদের পাশে থাকুন, আরও অনেক কিছু হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুন্নাম্বলম এস, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই।