মেসি-কাণ্ডে রহস্যের জট কাটল না, রিপোর্টে দেরি! হাইকোর্টে সময় চাইল পুলিশ

Photo: Statesman

জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনের বহুচর্চিত বিশৃঙ্খলা-কাণ্ডে এখনও ধোঁয়াশা কাটেনি। ঘটনার তদন্ত-রিপোর্ট জমা দিতে আরও সময় চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য পুলিশ। বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্য পুলিশের সেই আবেদন মঞ্জুর করেন। আদালতের তরফে জানানো হয়, মামলার পরবর্তী শুনানি হবে ১১ আগস্ট।

এদিন রাজ্যের পক্ষে আইনজীবী কল্লোল মণ্ডল আদালতে জানান, বিধাননগর পুলিশ কমিশনারেটে সাম্প্রতিক প্রশাসনিক রদবদলের কারণে নির্ধারিত সময়ে রিপোর্ট জমা দেওয়া সম্ভব হয়নি। তাই আদালতের কাছে অতিরিক্ত সময়ের আবেদন করা হয়েছে। সেই আবেদন গ্রহণ করে আদালত নতুন শুনানির দিন ধার্য করে।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। বহু দর্শকের দাবি ছিল, মোটা অঙ্কের টিকিট কেটেও তাঁরা মেসিকে দেখতে পাননি। অনুষ্ঠান শেষ করে মেসি স্টেডিয়াম ছাড়তেই ক্ষুব্ধ দর্শকদের একাংশ ভাঙচুরে জড়িয়ে পড়ে।


ঘটনার পর পুলিশ তদন্তে নামে। এরপর পুলিশ সেই অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে। পরে শতদ্রু জামিনে মুক্তি পেয়ে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন। তাঁর দাবি, প্রভাবশালীদের ভিড় এবং মাঠে অনিয়ন্ত্রিত পরিস্থিতির জেরেই গোটা অনুষ্ঠান ভেস্তে গিয়েছিল।

আরও পড়ুন: বিদেশে চোখের চিকিৎসায় মিলবে আদালতের ছাড়পত্র? সুপ্রিম বার্তার পর বুধবারই মামলায় নজর হাইকোর্টের

অরূপ বিশ্বাসের দায় ও ঘটনার প্রকৃত সত্য জানতে কলকাতা হাইকোর্ট স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে কমিটিকে পুরো ঘটনার পুনঃতদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট মঙ্গলবারও রাজ্য পুলিশ আদালতে জমা দিতে পারেনি। ফের তারা সময় চাইল। ফলে মেসি কাণ্ডের প্রকৃত দায় কার, সেই প্রশ্নের উত্তর পেতে আপাতত আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ১১ই অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।