ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (আইজেএ)-র ১০৪তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হরিয়ানার রাজ্যপাল শ্রী অসীম কুমার ঘোষ। তিনিই আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠার ১০৪ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকতা ও গণমাধ্যমের ঐতিহ্য, দায়িত্ববোধ এবং সামাজিক ভূমিকা তুলে ধরতেই এই আয়োজন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
সাংবাদিক মহলে এই বর্ষপূর্তি অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহের সঞ্চার হয়েছে। দীর্ঘ এক শতাব্দীর বেশি সময় ধরে সাংবাদিকদের সংগঠিত রাখার ক্ষেত্রে আইজেএ-র ভূমিকা উল্লেখযোগ্য বলেই মত সংশ্লিষ্ট মহলের।
আইজেএ-র সচিব দেবাশিস দাস ও সভাপতি কে ডি পার্থ যৌথভাবে জানিয়েছেন, প্রোটোকল মেনে আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সকল আমন্ত্রিত অতিথিকে অনুষ্ঠান শুরুর অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য ও উপস্থিতি নিশ্চিত করতে নির্দিষ্ট যোগাযোগ নম্বরও জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।