কলকাতার গুরুত্বপূর্ণ এসপ্ল্যানেড রো ওয়েস্টের নাম পরিবর্তন করে ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ রাখার সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা পৌরসভার এই সিদ্ধান্তকে আদালত বহাল রাখায় আনুষ্ঠানিকভাবে শহরের মানচিত্রে যুক্ত হল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারপতি রাধাবিনোদ পালের নাম। কলকাতা হাইকোর্টের সন্নিকটে অবস্থিত এই রাস্তার নাম পরিবর্তনকে বাংলার এক উজ্জ্বল আইনজ্ঞের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবেই দেখা হচ্ছে।
রাধাবিনোদ পাল ‘টোকিও ট্রায়াল’-এ তাঁর ঐতিহাসিক ভিন্নমত পোষণের জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন এবং জাপানে তিনি আজও গভীর সম্মানের আসনে প্রতিষ্ঠিত। তাঁর প্রপৌত্র সুধিবিনোদ পালের অনুরোধ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টোকিও সফরের পর এই উদ্যোগ গতি পায়। ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে টোকিও গিয়ে রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন অভিষেক। সেখানেই তিনি ঘোষণা করেছিলেন, কলকাতার একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম বিচারপতি পালের নামে করা হবে।
পরবর্তীতে কলকাতা পুরসভা আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এবং ২০২৫ সালে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। সম্প্রতি হাইকোর্টের অনুমোদনের মাধ্যমে সেই সিদ্ধান্ত আইনি স্বীকৃতি পেল। ফলে প্রশাসনিক ও আইনি—দুই স্তরেই ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ নামটি স্থায়ী রূপ পেল।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাজমাধ্যমে জানানো হয়, বাংলার অন্যতম শ্রদ্ধেয় আইনজ্ঞকে সম্মান জানাতে এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ। দলের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় বাংলার ঐতিহ্য ও মেধার স্বীকৃতি মিলেছে। একইসঙ্গে দাবি করা হয়, ইতিহাসকে মর্যাদা দেওয়ার প্রশ্নে বাংলা নিজস্ব অবস্থান স্পষ্ট করেছে।
শহরের ঐতিহাসিক ও প্রশাসনিক গুরুত্বসম্পন্ন এলাকায় রাধাবিনোদ পালের নাম সংযোজনের মধ্য দিয়ে কলকাতা একদিকে যেমন নিজের ঐতিহ্যকে স্মরণ করল, তেমনই আন্তর্জাতিক পরিসরে সম্মানিত এক বাঙালি আইনজ্ঞের অবদানকেও নতুন প্রজন্মের সামনে তুলে ধরল।