আদিবাসী হস্টেলে বরাদ্দ বাড়াল রাজ্য, খগেনের উপর হামলার মামলা ফের খোলার আশ্বাস শুভেন্দুর

CM Suvendu Adhikari Photo-SNS

আদিবাসী পড়ুয়াদের সুযোগ-সুবিধা খতিয়ে দেখতে হোস্টেলে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার আলিপুরদুয়ারের লোকনাথপুর আশ্রম হোস্টেলে গিয়ে আবাসিক ছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের হাতে উপহার সামগ্রীর কিটও তুলে দেন মুখ্যমন্ত্রী। পরে রাজ্যের ৩২৪টি আদিবাসী হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে মোট ৩২৪টি আদিবাসী হোস্টেল রয়েছে। সেখানে আবাসিক ছাত্রীর সংখ্যা ১৪ হাজারের বেশি। আগে হোস্টেলের পড়ুয়াদের মাথাপিছু খাদ্যসামগ্রীর জন্য মাসে ১৮০০ টাকা বরাদ্দ ছিল। সেই বরাদ্দ বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, রাজ্যের প্রতিটি আদিবাসী ছাত্রী আবাসে গান-বাজনার জন্য হারমোনিয়াম, মাদল ও ধামসা দেওয়ার কথাও ঘোষণা করেন।

হোস্টেলের আবাসিকদের সঙ্গে কথা বলে তাঁদের সুযোগ-সুবিধার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। সভামঞ্চ থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে খাবারের মান নিয়ে প্রশ্ন করেন তিনি। ‘খাবার ঠিক আছে তো?’—মুখ্যমন্ত্রীর প্রশ্নে ইতিবাচক উত্তর দেয় ওই ছাত্রী। এর পর মজার ছলে তিনি জানতে চান, ‘পাশ থেকে কেউ শিখিয়ে দিচ্ছে না তো?’


হোস্টেল পরিদর্শনের পর হাতিপোতা মোড়ে বীরসা মুণ্ডার মূর্তির আবরণ উন্মোচন করেন শুভেন্দু। সেখান থেকে রায়ডাক গল্ফকোর্সের মাঠে আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। মঞ্চে সাংসদ খগেন মুর্মুকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাঁর উপর আত্মঘাতী হামলার মামলাটি ফের খোলা হবে। এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার আশ্বাসও দেন তিনি। তাঁর কথায়, চা বাগানগুলিতে বেশ কিছু সমস্যা রয়েছে। সেগুলি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। রাজ্য মন্ত্রিসভায় পাঁচজন আদিবাসী নেতাকে জায়গা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আদিবাসী অধ্যুষিত ১৬টি আসনেই বিজেপির জয়ের প্রসঙ্গ তুলে আদিবাসী সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘আপনারা হাত খুলে আমাদের সমর্থন করেছেন। আমরা কৃতজ্ঞ।’’ আদিবাসীদের জন্য সরকারি ভাতা এবং বিশেষ রেশন প্যাকেজের খতিয়ানও তুলে ধরেন তিনি। চা বাগানের সমস্যাগুলি দ্রুত মেটানোর আশ্বাস পুনরায় দেন মুখ্যমন্ত্রী।