পূর্ব ভারতে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতার রাজারহাটে ৮৯ ঘরের একটি হোটেল অধিগ্রহণ করল প্রিজমের সহায়তাপুষ্ট হসপিটালিটি সংস্থা সানডে প্রপটেক লিমিটেড। সংস্থার ‘সানডে কালেকশন’ পোর্টফোলিওর অন্তর্গত মিড-প্রিমিয়াম হোটেল ব্র্যান্ড ‘ক্লাবহাউস’-এর অধীনে হোটেলটি পরিচালিত হবে। আগামী কয়েক মাসের মধ্যে হোটেলটির নতুন করে সাজসজ্জা এবং প্রচারের পরিকল্পনা রয়েছে সংস্থার।
২০১৭ সালে নির্মিত ছয়তলা হোটেলটি রাজারহাটের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, ইকোস্পেস বিজনেস পার্ক, বেঙ্গল সিলিকন ভ্যালি এবং বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের কাছাকাছি হওয়ায় ব্যবসায়িক ও করপোরেট অতিথিদের কাছে এটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। হোটেলে খাবার ও পানীয়ের পাশাপাশি বৈঠকের ব্যবস্থাও রয়েছে।
সংস্থার পরিকল্পনা, প্রিজমের প্রযুক্তি, বিপণন নেটওয়ার্ক এবং রাজস্ব পরিচালনার পরিকাঠামো কাজে লাগিয়ে হোটেলটির পরিষেবা ও অতিথি অভিজ্ঞতার মান উন্নত করা হবে। কলকাতার ক্রমবর্ধমান তথ্যপ্রযুক্তি ক্ষেত্র, ব্যবসায়িক পরিকাঠামো এবং করপোরেট যাতায়াতের চাহিদাকে গুরুত্ব দিয়েই এই অধিগ্রহণ।
সানডে প্রপটেকের বোর্ড সদস্য সৌরভ আগরওয়াল বলেন, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতার জন্য তাঁরা কৃতজ্ঞ। এই অধিগ্রহণ রাজ্যের পর্যটন ও আতিথেয়তা শিল্পের সম্ভাবনার প্রতি সংস্থার আস্থার প্রতিফলন। আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গে হোটেলে বিনিয়োগের পরিকল্পনা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।