শনিবার সকালে আলিপুরের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে উদ্ধার হল এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। মৃতের নাম দীপক তামাং। কমান্ডো ব্যারাকের চারতলার শৌচালয় থেকে তাঁর দেহ উদ্ধার করেন সহকর্মীরা।
সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ শৌচালয়ের ভিতরে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়ার খবর যায় পিটিএসে (পুলিশ ট্রেনিং স্কুল)। সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই পাইপলাইনের সঙ্গে গামছার ফাঁস দেওয়া অবস্থায় দীপককে দেখতে পান তাঁরা।
তড়িঘড়ি তাঁকে নামিয়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিম্পংয়ের সাত মাইলের বাসিন্দা দীপক দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশে কর্মরত ছিলেন। কমান্ডো বাহিনীতে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে ডিআই পদেও ছিলেন তিনি।
ঘটনাস্থলে তাঁর গলায় ফাঁসের দাগ মিলেছে বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যার সম্ভাবনাই দেখছে পুলিশ। তবে মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
দীপকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁর সাম্প্রতিক কর্মজীবন ও ব্যক্তিগত পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। পাশাপাশি সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে তদন্তকারীদের আশা।