ট্রেনে মাদক পাচারের চেষ্টা, এসটিএফের জালে মহিলা-সহ দুই

প্রতীকী চিত্র

মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে বিপুল পরিমাণ হেরোইন-সহ এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তাঁদের কাছ থেকে প্রায় এক কেজি হেরোইন বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ট্রেনে মাদক পাচারের বিষয়ে জানতে পারে এসটিএফ। এরপর রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। সেই মতো মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ নিউ ফারাক্কা স্টেশনে পৌঁছন এসটিএফ আধিকারিকেরা।

ব্রহ্মপুত্র মেল স্টেশনে পৌঁছতেই দুই সন্দেহভাজনকে চিহ্নিত করে আটক করা হয়। তাঁদের ব্যাগে তল্লাশি চালান তদন্তকারীরা। তল্লাশিতে প্রায় এক কেজি হেরোইন উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।


ধৃত দু’জনের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁদের বিরুদ্ধে মাদক পাচার-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁরা কোথা থেকে ওই মাদক নিয়ে আসছিলেন এবং কোথায় তা পৌঁছে দেওয়ার কথা ছিল, তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে তাঁদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে।