সংঘর্ষ-বিক্ষোভে অচলাবস্থা, ১১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট

আপাতত বন্ধ করে দেওয়া হল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) ক্যাম্পাস। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে প্রতিষ্ঠানের দরজা। পঠন-পাঠন থেকে শুরু করে সমস্ত কাজকর্মও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হস্টেল ছেড়ে পড়ুয়াদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বহিরাগতদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ এবং লাগাতার বিক্ষোভের জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

গত সেপ্টেম্বরের শেষ দিকে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে প্রতিষ্ঠানের পড়ুয়াদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এর এক সপ্তাহের মধ্যেই ফের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গেও মিছিলের সদস্যদের ধস্তাধস্তি হয়। তার পর থেকেই দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত থেকেছে ক্যাম্পাস। পুজোর সময় মধ্যরাতে বিশাল পুলিশ বাহিনীর প্রবেশ ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক।

বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে ১১ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখার কথা জানায় কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পঠন-পাঠন শুরু হবে বলে জানানো হয়েছে।


কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের আন্দোলন বন্ধ করার কথা বলা হলেও ছাত্রদের দাবি, উপাচার্যকে পদত্যাগ করতে হবে। এই টানাপড়েনের মধ্যেই প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত।

বিষয়টি নিয়ে বিজেপি কোনও মন্তব্য করতে চায়নি। বিজেপি নেতা দেবজিৎ সরকার জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। অন্যদিকে, সিপিএম নেতা শতরূপ ঘোষের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চালাতে কর্তৃপক্ষ ব্যর্থ হলে তাঁদের পদত্যাগ করা উচিত। প্রয়োজনে কেন্দ্র নতুন দায়িত্বপ্রাপ্তদের নিয়োগ করুক।