ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে ড্রোন উড়িয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন কেরলের এক ফটোগ্রাফার। ধৃতের নাম হরিপ্রসাদ ই এম। তিনি কেরলের ত্রিচুরের বাসিন্দা। শনিবার হেস্টিংস থানা এলাকার ভিক্টোরিয়া চত্বরে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, পেশায় ফটোগ্রাফার হরিপ্রসাদ কলকাতায় এক বন্ধুর বিয়েতে যোগ দিতে এসেছিলেন। সেই সময় ভিক্টোরিয়া চত্বরে ড্রোন ওড়ানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপরই হেস্টিংস থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ড্রোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
রবিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। তাঁর আইনজীবী প্রতিম ভট্টাচার্য আদালতে সওয়াল করেন, মক্কেল বন্ধুর বিয়েতে কলকাতায় এসেছিলেন। তিনি পেশায় ফটোগ্রাফার। ভিক্টোরিয়া চত্বরে ড্রোন ওড়ানো নিষিদ্ধ, তা তাঁর জানা ছিল না। ধৃতের জামিনের আবেদনও জানান তিনি।
অন্যদিকে, সরকারি কৌঁসুলি জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেন। দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত ৩ হাজার টাকার বন্ডে ধৃতকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।
অপহরণকাণ্ডে আরও দু’জন গ্রেফতার, ৪.৭০ লক্ষ টাকা উদ্ধার
অপহরণের একটি ঘটনার তদন্তে নেমে আরও দু’জনকে গ্রেফতার করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ধৃতদের নাম সন্দীপ ঘোষ ও অভিজিৎ চট্টোপাধ্যায়। শনিবার পর্ণশ্রী এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
রবিবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। আদালতে সরকারি কৌঁসুলি জানান, কয়েক দিন আগে হেয়ার স্ট্রিট থানা এলাকায় তিনজনকে অপহরণের অভিযোগ ওঠে। অপহৃত তিনজনই পূর্ব মেদিনীপুরের জুনপুটের বাসিন্দা।
অভিযোগ, কলকাতার একটি হাসপাতালে এক ব্যক্তিকে দেখতে আসার পথে হেয়ার স্ট্রিট এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়েছিল। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ আগেই তিনজনকে গ্রেফতার করেছিল।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই সন্দীপ ঘোষ ও অভিজিৎ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে বলে পুলিশ সূত্রে খবর। এরপর শনিবার পর্ণশ্রী থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
সরকারি কৌঁসুলি আদালতে আরও জানান, তদন্তে নেমে পুলিশ ৪ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে। ঘটনার তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।
দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত ধৃতদের ৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
১০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধৃত পুলিশ সাব ইন্সপেক্টর, গ্রেফতার রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে
১০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে রাজ্য দুর্নীতি দমন শাখার গোয়েন্দাদের হাতে হাতেনাতে ধরা পড়লেন এক পুলিশ সাব ইন্সপেক্টর। ধৃতের নাম রেমন্ড লোহার। তিনি ইসলামপুরের গোয়ালপোখর থানার সাব ইন্সপেক্টর। গতি পুলিশ ফাঁড়ির দায়িত্বেও ছিলেন তিনি।
অভিযোগ, একটি জমি সংক্রান্ত মামলার তদন্তের জন্য অভিযোগকারীর কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন ওই পুলিশ আধিকারিক। বিষয়টি রাজ্য দুর্নীতি দমন শাখার গোয়েন্দাদের জানানো হয়।
এরপর পরিকল্পনা করে তদন্তে নামেন দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা। অভিযোগ অনুযায়ী, ঘুষের টাকা নেওয়ার সময়ই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা।
রবিবার ধৃত পুলিশ আধিকারিককে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে এক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।