কলকাতায় চুরি যাওয়া মোবাইল পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পার্ক স্ট্রিট থানার অন্তর্গত কিড স্ট্রিটের ক্লাসিক হোটেলের কাছ থেকে দু’জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৫৬টি ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ফোনগুলি চুরি যাওয়া বলে পুলিশের প্রাথমিক সন্দেহ।
ধৃতদের মধ্যে এক জন বাংলাদেশের নাগরিক। তাঁর নাম ইমরান আহমেদ (২৩)। বাংলাদেশের শরিয়তপুর জেলার জাজিরা থানার মানিকনগরের বাসিন্দা তিনি। অপর ধৃতের নাম আসিফ আলি ওরফে ছোটু (৩২)। তিনি উত্তর ২৪ পরগনার কামারহাটি থানার অন্তর্গত মাকাঞ্জি রোডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা দফতরের নজরদারি শাখার আধিকারিকরা এলাকায় নজর রাখছিলেন। সেই সময় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দু’জনকে। তাঁদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একসঙ্গে ৫৬টি ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। ফোনগুলির উৎস এবং সেগুলি কোনও চুরি বা ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর দু’জনের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় নির্দিষ্ট মামলা রুজু করা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৩(২), ৩১৭(২), ৩১৭(৫) এবং ৬১(২) ধারায় মামলা দায়ের করা হচ্ছে।
পুলিশের হাতে থাকা নথি অনুযায়ী, বাংলাদেশি নাগরিক ইমরানের কাছে বৈধ পাসপোর্ট ও টি-১ পর্যটন ভিসা রয়েছে। ওই ভিসার মেয়াদ তিন মাস—আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত। ভিসাটি একবার ভারতে প্রবেশের জন্য বৈধ। তবে ভিসার শর্ত মেনে তিনি ভারতে অবস্থান করছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে বিদেশি নাগরিক সংক্রান্ত আইনের ১৪ নম্বর ধারাও যুক্ত করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
উদ্ধার হওয়া ৫৬টি মোবাইলের মালিকানা ও উৎস সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।