নারকেলডাঙায় বাড়ি বাড়ি যাচ্ছেন শ্রেয়া পাণ্ডে, শুরু জোরালো প্রচার

নিজস্ব চিত্র

বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই প্রচার ক্রমশ জোরালো হচ্ছে। সেই আবহেই মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে সরাসরি জনসংযোগে নেমে পড়লেন। মঙ্গলবার থেকেই নারকেলডাঙা এলাকার ৩১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার শুরু করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও চাহিদা জানার চেষ্টা করেন জোড়াফুলের প্রার্থী।

প্রচারের শুরুতেই শ্রেয়া পাণ্ডে স্পষ্ট করে দেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তাঁর মূল লক্ষ্য। তাঁর কথায়, ‘মানুষের দরজায় গিয়ে তাঁদের কথা শোনা খুব জরুরি। তাঁদের সমস্যা না জানলে উন্নয়ন সম্ভব নয়।’ এই ভাবনাকেই সামনে রেখে দিনভর এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। নারকেলডাঙার বিভিন্ন পাড়া ও গলিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান শ্রেয়া। কেউ জল সমস্যার কথা বলেন, কেউ বা এলাকার পরিকাঠামো উন্নয়নের দাবি তোলেন। প্রতিটি বিষয় মন দিয়ে শোনেন তিনি। আশ্বাস দেন, সুযোগ পেলে এই সমস্যাগুলোর সমাধানে তিনি উদ্যোগ নেবেন।

প্রচারের সময় তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা। তাঁদের উপস্থিতিতে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। স্থানীয়দের একাংশ জানান, প্রার্থী নিজে এসে কথা বলায় তাঁরা খুশি। এতে করে তাঁদের সমস্যার কথা সরাসরি জানাতে পারছেন। শ্রেয়ার বক্তব্য, ‘শুধু প্রতিশ্রুতি নয়, কাজ করাই আমার লক্ষ্য। মানুষের বিশ্বাস অর্জন করেই এগোতে চাই।’ আগামী দিনেও এইভাবে বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।