ডানকুনি টোলপ্লাজার কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে শতরূপ ঘোষ

পথ দুর্ঘটনার কবলে সিপিএম নেতা শতরূপ ঘোষ। ডানকুনি টোল প্লাজার সামনে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি লরি। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে শতরূপ ঘোষ সুস্থ রয়েছেন।

এই প্রথম নয়, এর আগেও গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন বাম নেতা। ২০২৩ সালে আলিপুর রোডের একটি সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। টার্নিং পয়েন্টে ওই ধাক্কায় গাড়ির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় গাড়িতে শতরূপের স্ত্রী এবং পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন। তাঁরা অবশ্য অক্ষত ছিলেন।

ওই ঘটনার পর শতরূপ ঘোষের অভিযোগ ছিল, যে গাড়িটি তাঁর গাড়িতে ধাক্কা মেরেছিল, সেটি আইপিএস ওয়েলফেয়ার সোসাইটি, ওয়েস্ট বেঙ্গলের। ধাক্কার পর ওই গাড়ির চালক তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। পরে আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সিপিএম নেতা।


২০২৩ সালের সেই ঘটনা নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন শতরূপ। তাঁর বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রীর গাড়িতে সামান্য ধাক্কা লাগলেও অনেক সময় ষড়যন্ত্রের অভিযোগ সামনে আসে। তবে তাঁর ক্ষেত্রে তেমন কোনও অভিযোগ তিনি করছেন না বলেও জানিয়েছিলেন।

শতরূপ আরও বলেছিলেন, তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে—এমন দাবিও তিনি করছেন না। তাঁর প্রশ্ন ছিল, কোনও গাড়ি আইপিএসদের সঙ্গে যুক্ত হলেই কি সাধারণ মানুষকে হেনস্থার মুখে পড়তে হবে? সেই ঘটনার পরেই থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি।