রিপোর্টিং ইয়ার ২০২৫–২৬-এর জন্য ‘স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন’ বা এসএফটি নির্ভুলভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে দাখিল নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল আয়কর দপ্তর। ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশন, কলকাতা ইউনিটের উদ্যোগে গত ১৫ মে আয়কর ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ফরেক্স ডিলার, সাব-রেজিস্ট্রার অফিসের প্রতিনিধি, সমবায় ব্যাঙ্ক এবং কর পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অংশ নেন। আয়কর দপ্তর সূত্রে জানানো হয়েছে, এসএফটি রিটার্ন সময়মতো এবং নির্ভুলভাবে জমা দেওয়ার গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিতভাবে বোঝানো হয়।
আধিকারিকদের বক্তব্য, নির্ভুল এসএফটি দাখিল হলে করদাতাদের ‘অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট’-এ তথ্যগত ভুল অনেকটাই কমানো সম্ভব হবে। এর ফলে কর সংক্রান্ত স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং কর অনুবর্তিতাও আরও কার্যকর হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর অফ ইনকাম ট্যাক্স অনুপম মজুমদার এবং ডেপুটি ডিরেক্টর অফ ইনকাম ট্যাক্স সায়ন্তন ব্যানার্জি-সহ আয়কর দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। তাঁরা রিপোর্টিং সংস্থা এবং অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। পাশাপাশি এসএফটি দাখিল সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
কর্মসূচিতে আয়কর আইন, ২০২৫ অনুযায়ী এসএফটি দাখিলের বিভিন্ন বিধান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আয়কর আইন, ১৯৬১-এর তুলনায় নতুন আইনে কী কী পরিবর্তন এসেছে, সেই বিষয়েও সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়।
আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে, অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে বিভিন্ন প্রশ্ন তোলেন এবং আলোচিত বিষয়গুলি নিয়ে নিজেদের জ্ঞান আরও সমৃদ্ধ করেন। কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তুলতেই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়কর দপ্তর।