সপ্তমীর সন্ধ্যায় কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা। কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। নিহতদের তালিকায় রয়েছে ৭ বছরের শিশুও। দুর্ঘটনার পর অবশেষে পদক্ষেপ করল কলকাতা পুলিশ। চোরবাগান সংলগ্ন নির্দিষ্ট কিছু এলাকায় নবমী পর্যন্ত নিষিদ্ধ করা হল বেআইনি জমায়েত। চোরবাগান সংলগ্ন বউবাজার থানা এলাকার কিছু অংশে জারি করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই ধারা জারি করা হয়েছে।
রবিবার সকালেই এই নিয়ে নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। নির্দেশিকায় বলা হয়েছে, পাঁচ বা তার বেশি ব্যক্তি বেআইনি জমায়েত করতে পারবেন না। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ স্ট্রিটের কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত অংশ, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত অংশ, কলুটোলা স্ট্রিটের কলেজ স্ট্রিট থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত অংশে কড়াকড়ি থাকবে। সেই সঙ্গে ইডেন হাসপাতাল রোডের সিআর অ্যাভিনিউ থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত অংশও এই নির্দেশিকার আওতায় পড়ছে।
পুলিশ কমিশনার জমায়েতে নিষেধাজ্ঞার যে বিজ্ঞপ্তি জারি করেছেন তাতে বলা হয়েছে, শান্তিভঙ্গ হওয়া সম্ভবনা ঠেকাতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশ দেওয়া হচ্ছে। ১৬৩ ধারা জারি হওয়া নির্দিষ্ট এলাকায় পাঁচ বা তার বেশি লোকের বেআইনি জমায়েত, লাঠি বা কোনও অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা যাবে না। তবে গোটা বউবাজার থানা এলাকার ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি প্রযোজ্য নয়।
পুলিশের বিজ্ঞপ্তিতে চোরবাগান সংক্রান্ত কোনও বিষয়ের উল্লেখ করা হয়নি। পুলিশ কমিশনার নন্দ এবং রাজ্যপাল আরএন রবি রবিবার কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যান। সেখানে ভর্তি থাকা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তাঁদের সঙ্গে তিনি কথা বলেন। চোরবাগানের বিপর্যয়ে ইতিমধ্যে উদ্যোক্তাদের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করেছে পুলিশ। ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এসটিএফ, সিআইডি, দমকল ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করবে। ঘটনায় যথাযথ তদন্তেরও তিনি আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘থিম পুজোর ভাবনা নিয়ে পরবর্তীকালে আমাদের ভাবতে হবে। মানুষের জীবন আগে, থিম আগে নয়। এক একটা ঘটনা থেকে তো অভিজ্ঞতা হয়। এখান থেকে আমাদের যা অভিজ্ঞতা হল, আগামী দিনে আমরা কাজে লাগাব।’