পশ্চিমবঙ্গের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন সঞ্চিতা কুমার। মঙ্গলবার তিনি রাজ্যপাল আর. এন. রবির কাছে নিজের পদত্যাগপত্র পাঠান। সূত্রের খবর, ইস্তফা দেওয়ার পরই তিনি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। বর্তমানে রাজ্যসভার অধিবেশনে যোগ দিতে রাজধানীতে রয়েছেন তাঁর স্বামী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমার। সঞ্চিতার এই দিল্লি সফর ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে সঞ্চিতা কুমারকে পশ্চিমবঙ্গের তথ্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছিল। ২০২৫ সালের মার্চ মাসে তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর নিয়োগে অনুমোদন দেন। এরপরই তিনি দায়িত্বভার গ্রহণ করেন। যদিও নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদ থেকে সরে দাঁড়ালেন। নিয়োগের প্রায় দেড় বছরের মাথায় পদ ছাড়লেন।
নবান্নে শীর্ষ আধিকারিকদের একাংশের মতে, এই পদত্যাগ অপ্রত্যাশিত নয়। তাঁদের দাবি, প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেই পরিস্থিতিতে নতুন সরকারের আমলে সঞ্চিতা কুমারেরর ওই পদে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছিল।
এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙনের ছবি স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতির মধ্যেও রাজীব কুমার এখনও তৃণমূলের সঙ্গেই রয়েছেন। তাঁর স্ত্রীর আচমকা পদত্যাগে তাই স্বাভাবিকভাবে জল্পনা তৈরি হয়েছে।