ইদের সকালে কলকাতার রেড রোডে নামাজের অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলার সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
অনুষ্ঠান মঞ্চ থেকেই অভিষেক বলেন, ‘বাংলার চিরাচরিত সম্প্রীতি আমাদের শক্তি। আগামী দিনেও এই সৌভ্রাতৃত্ববোধ অটুট রাখতেই হবে। যে কোনও উৎসব আমাদের ধৈর্য, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ আর সততার শিক্ষা দেয়। এই মূল্যবোধই মানুষের আসল ধর্ম।’ তিনি আরও বলেন, ‘মানবতার স্বার্থে সবাইকে একজোট হতে হবে। বাংলার সংস্কৃতি কখনও বিভাজনের কথা বলে না, বরং মিলনের কথাই বলে।’
এই প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ইচ্ছে করে সমাজে বিভেদ তৈরির চেষ্টা করছে। তাঁর কথায়, ‘কিছু মানুষ ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড় করানোর চেষ্টা করছে, পরিবারে বিভাজন ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের আরও ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বাংলার ঐতিহ্য তুলে ধরে অভিষেক বলেন, ‘রমজানে রাম আছেন, দিওয়ালিতে আলি আছেন। যে চাঁদ দেখে ইদ পালিত হয়, সেই চাঁদ দেখেই অন্য পরবও পালিত হয়। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের পরিচয়।’ তিনি স্পষ্টভাবে জানান, বাংলায় হিন্দু-মুসলিমদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা কোনওভাবেই সফল হবে না। ‘যতই চেষ্টা হোক, বাংলার সম্প্রীতি ভাঙা যাবে না,’ বলেন তিনি।
বর্তমান পরিস্থিতি নিয়ে অভিষেকের বক্তব্য, ‘ধর্মের চোখ দিয়ে নয়, মানবতার চোখ দিয়ে দেশকে দেখতে হবে। আমাদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।’ ইদের এই অনুষ্ঠানে তাঁর বার্তা ঘিরে উপস্থিত মানুষের মধ্যে সাড়া পড়ে। অনেকেই এই আহ্বানকে বাংলার সামাজিক সম্প্রীতি রক্ষার গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।