ছটপুজোয় দু’দিন মাংসের দোকান বন্ধের নির্দেশ, রামপুরহাট পুরসভার নোটিস ঘিরে বিতর্ক

ছটপুজোয় দু’দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান। রামপুরহাটের তিন মাংস ব্যবসায়ীকে এমনই নির্দেশিকা জারি করল পুরসভা। শুধু দোকান বন্ধ রাখাই নয়, অন্য দিনগুলিতে কেটে রাখা মাংস লাল কাপড় দিয়ে ঢেকে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

রামপুরহাট মহকুমা আদালত থেকে গান্ধী পার্ক যাওয়ার রাস্তার ধারে রয়েছে ওই তিনটি মাংসের দোকান। শুক্রবার দোকান মালিকদের হাতে পুরসভার নোটিস পৌঁছয়। তাতে জানানো হয়েছে, রবি ও সোমবার ছটপুজো উপলক্ষে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে দোকানগুলি। মূলত বিহারিদের অন্যতম প্রধান এই উৎসবের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে পুরসভা।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ছটপুজোর দু’দিন বাদে অন্য দিনগুলিতে দোকানে কেটে রাখা মাংস লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের। এই নোটিসের প্রতিলিপি পাঠানো হয়েছে মহকুমাশাসক এবং রামপুরহাট থানার আইসির কাছেও।


পুরসভার এই নির্দেশিকার বিরোধিতা করেছে কংগ্রেস ও সিপিএম। বিরোধীদের প্রশ্ন, ধর্মীয় উৎসবের প্রতি সম্মান জানানো জরুরি হলেও তার জন্য ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে বাধ্য করা কতটা যুক্তিসঙ্গত? তাঁদের অভিযোগ, এই নির্দেশিকার মাধ্যমে সাধারণ মানুষের খাদ্যাভ্যাস এবং ব্যবসায়িক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রামপুরহাটের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ পুরসভার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘‘মানুষের জন্য সরকারের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। অথচ সেসব না করে কে কী খাবেন, কীভাবে চলবেন, তা নিয়ে নির্দেশিকা জারি করা হচ্ছে।’’ তাঁর আশঙ্কা, এই ধরনের সিদ্ধান্ত দীর্ঘদিনের সামাজিক ঐতিহ্য ও সম্প্রীতির পরিবেশে প্রভাব ফেলতে পারে।

একইভাবে সরব হয়েছেন সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষও। তাঁর অভিযোগ, মানুষের মৌলিক সমস্যার সমাধানে নজর না দিয়ে ধর্মীয় আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। পুরসভার এই পদক্ষেপ কোনওভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে, পুরসভার সিদ্ধান্তকে সমর্থন করেছেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। তাঁর বক্তব্য, ছটপুজোয় বহু মানুষ নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করেন। তাঁদের ধর্মীয় বিশ্বাস ও আবেগের প্রতি সম্মান জানিয়েই পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, গত বছর ছটপুজোর সময় পশ্চিম বর্ধমানের আসানসোলেও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এবার রামপুরহাটে একই ধরনের নির্দেশিকা জারি হওয়ায় নতুন করে সামনে এল ধর্মীয় ভাবাবেগ ও ব্যবসায়িক স্বাধীনতার প্রশ্ন। পুরসভার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক তরজায় সরগরম রামপুরহাট।