শর্তসাপেক্ষে রামনবমীর শোভাযাত্রায় অনুমতি, শান্তি বজায় রাখতে কড়া নির্দেশ হাইকোর্টের

প্রতিনিধিত্বমূলক চিত্র

রামনবমীর শোভাযাত্রা নিয়ে জট কাটাল কলকাতা হাইকোর্ট। হাওড়ার কাজিপাড়ায় শোভাযাত্রার জন্য বিশ্ব হিন্দু পরিষদকে শর্তসাপেক্ষে অনুমতি দিল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

আদালত জানিয়ে দিয়েছে, শোভাযাত্রায় সর্বাধিক ৫০০ জন অংশগ্রহণ করতে পারবেন। আগামী ২৬ মার্চ বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এই শোভাযাত্রা করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর বিশেষ জোর দিয়েছে আদালত। নির্দেশে বলা হয়েছে, কোনও ধরনের ধাতব অস্ত্র শোভাযাত্রায় বহন করা যাবে না। কেউ এই নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।

এছাড়াও আয়োজক সংস্থা বিশ্ব হিন্দু পরিষদ-কে আগে থেকেই লিফলেট বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। শোভাযাত্রার দায়িত্বে থাকতে হবে সংগঠনের অন্তত ১৫ জন সদস্যকে এবং তাঁদের প্রত্যেকের ফোন নম্বর পুলিশের কাছে জমা দিতে হবে। নিরাপত্তার বিষয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত। শোভাযাত্রার সামনে ও পিছনে থাকা গাড়িতে পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।


উল্লেখ্য, এই শোভাযাত্রার জন্য আগে পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও রুট নিয়ে আপত্তি জানিয়ে তা নাকচ করা হয়েছিল। এরপরই আয়োজকরা হাইকোর্টের দ্বারস্থ হন।

বিচারপতির পর্যবেক্ষণ, গত বছর একই রুটে শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছিল। ফলে এবারে নতুন করে আপত্তি তোলা সংশয়ের সৃষ্টি করতে পারে। সেই কারণেই সবদিক বিবেচনা করে শর্ত আরোপ করে অনুমতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে, উৎসবের আবহে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেই লক্ষ্যেই আদালতের এই নির্দেশ বলে মনে করা হচ্ছে।