মন্ত্রীর অফিসে গভীর রাতে হামলা, বিজেপির প্রতীক-কাটআউট ভাঙচুরের অভিযোগ

মন্ত্রীর অফিসে গভীর রাতে হামলার অভিযোগ। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিজেপি নেত্রী তথা মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর অফিসে মঙ্গলবার গভীর রাতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বুধবার সকালে অফিসে এসে বিজেপি কর্মীরা দেখেন, ছিঁড়ে ফেলা হয়েছে ব্যানার-পোস্টার। বিজেপির প্রতীক এবং একাধিক কাটআউটও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ঘটনায় বটতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে থেকে ৩টের মধ্যে হামলার ঘটনা ঘটে। সকালে কর্মীরা অফিসে এসে দেখতে পান, ব্যানার-পোস্টারে থাকা বিজেপির প্রতীক ধারালো কিছু দিয়ে কেটে দেওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর কাটআউটের মুখের অংশও ছিঁড়ে দেওয়া হয়েছে। অফিসের ভিতরেও হামলার চিহ্ন মিলেছে বলে দাবি।

ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপি কর্মীরা দ্রুত পুলিশকে খবর দেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় বটতলা থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং বিজেপি কর্মীদের অভিযোগ, রাতের অন্ধকারে এলাকায় আতঙ্ক ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এই হামলা চালানো হয়েছে। তাঁদের অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

ঘটনার কারণও এখনও স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার নেপথ্যে কারা, তা নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।