যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে গত কয়েক দিনের উত্তেজনার আঁচ এ বার পৌঁছল রাজপথে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র অভিযানকে কেন্দ্র করে বামপন্থী ছাত্র সংগঠনগুলির সঙ্গে বচসা ও ধস্তাধস্তির অভিযোগ উঠেছিল। চার নম্বর গেটে বসানো প্রতীক ভাঙাকে ঘিরেও উত্তেজনা ছড়ায়। সেই ঘটনার প্রতিবাদেই শুক্রবার পথে নামে বাম ছাত্র-যুব সংগঠনগুলি। বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হওয়া মিছিল ঢাকুরিয়া ব্রিজ পেরিয়ে গোলপার্কে পৌঁছয়। মিছিল ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা এবং র্যাফ।
শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের পিছনের খেলার মাঠ থেকে মিছিল শুরু হয়। এসএফআই-সহ বাম ছাত্র-যুব সংগঠনগুলির ডাকা এই মিছিলে যাদবপুরের পড়ুয়া, প্রাক্তনী এবং শিক্ষকদের পাশাপাশি কলকাতার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও যোগ দেন। মিছিলে অংশগ্রহণকারীদের বক্তব্য, বৃহস্পতিবারের ঘটনা শুধু যাদবপুরের উপর আঘাত নয়, সামগ্রিক ভাবে ছাত্রসমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উপর আঘাত।
বৃহস্পতিবার দু’পক্ষের মধ্যে বচসা, ধস্তাধস্তি এবং পাল্টাপাল্টি স্লোগানের অভিযোগ ওঠে।
বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বেরিয়ে মিছিল যাদবপুর থানা পেরিয়ে ঢাকুরিয়া ব্রিজের দিকে এগোয়। পরে মিছিলের অভিমুখ হয় গোলপার্ক। পথে একটি বেসরকারি হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময় কিছুক্ষণের জন্য মিছিলের স্লোগান ও গান বন্ধ রাখা হয়। মিছিলের অগ্রভাগে থাকা এক ছাত্রীর বক্তব্য, ‘আমরা জানি কী ভাবে সুনাগরিকের দায়িত্ব পালন করতে হয়।’
মিছিলে এসএফআই নেত্রী এষনা সেন বলেন, ‘দেশপ্রেম বিজেপি বা আরএসএসের কাছে শিখব না। স্বাধীনতা সংগ্রামে তাঁদের কোনও ভূমিকা ছিল না।’ পড়ুয়া অনুষ্ণা দাসের অভিযোগ, “ক্যাম্পাসে গুন্ডাবাহিনী ঢুকে আগুন জ্বালাচ্ছে, স্লোগান দিচ্ছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতেই আমাদের এই আন্দোলন।
মিছিল থেকে ওঠে ‘আজাদি’ স্লোগানও। অংশগ্রহণকারীদের দাবি, বৃহস্পতিবারের ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলায় যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের তরফেও যাদবপুর থানায় অভিযোগ জানানোর কথা জানানো হয়েছে।
মিছিল গোলপার্কের কাছাকাছি পৌঁছতেই নামে বৃষ্টি। কিন্তু বৃষ্টিতেও থামেনি মিছিল। বৃষ্টি উপেক্ষা করেই স্লোগান দিতে দিতে এগিয়ে যান পড়ুয়া ও সমর্থকেরা। গোটা মিছিলকে ঘিরে ছিল পুলিশ ও র্যাফের কড়া নিরাপত্তা। বাম ছাত্র-যুব সংগঠনগুলির বক্তব্য, যাদবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এবং ছাত্র রাজনীতির উপর কোনও ধরনের হামলা তাঁরা মেনে নেবেন না।