পুজোর আগে কেনাকাটা ও ঘোরাঘুরির ভিড় সামাল দিতে কলকাতা মেট্রোয় বাড়ছে পরিষেবা। আগামী ৩, ৪, ১০ ও ১১ অক্টোবর অর্থাৎ পুজোর আগের দু’টি শনি ও রবিবার ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অতিরিক্ত মেট্রো চালানো হবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে।
শনিবার, ৩ ও ১০ অক্টোবর ব্লু লাইনে মোট ২৭২টি মেট্রো চলবে। এর মধ্যে ১৩৬টি আপ এবং ১৩৬টি ডাউন পরিষেবা থাকবে। সাধারণ শনিবারের ২৫২টি পরিষেবার তুলনায় এ দিন ২০টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হবে না।
গ্রিন লাইনেও শনিবার বাড়ছে পরিষেবা। এই দু’দিন মোট ২৩৬টি মেট্রো চলবে। ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন পরিষেবা থাকবে। সাধারণত এই লাইনে ২১২টি পরিষেবা চলে। অর্থাৎ অতিরিক্ত ২৪টি মেট্রো পাওয়া যাবে।
ইয়েলো লাইনেও উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। ৩ ও ১০ অক্টোবর মোট ১২০টি পরিষেবা চালানো হবে। এর মধ্যে ৬০টি আপ এবং ৬০টি ডাউন। সাধারণ শনিবারে ৯২টি পরিষেবা চললেও পুজোর আগে তা বেড়ে হচ্ছে ১২০টি। এই লাইনেও প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
রবিবার, ৪ ও ১১ অক্টোবরও ব্লু লাইনে বাড়ছে পরিষেবা। এই দু’দিন মোট ১৮৮টি মেট্রো চলবে। ৯৪টি আপ এবং ৯৪টি ডাউন পরিষেবা থাকবে। সাধারণ রবিবারের ১৫২টি পরিষেবার তুলনায় ৩৬টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। প্রথম ও শেষ মেট্রোর সময় বদলাবে না।
গ্রিন লাইনে রবিবার মোট ১২৫টি পরিষেবা চলবে। এর মধ্যে ৬২টি আপ এবং ৬৩টি ডাউন। সাধারণ রবিবারে ১১১টি পরিষেবা থাকে। ফলে অতিরিক্ত ১৪টি মেট্রো পাওয়া যাবে। এই ক্ষেত্রেও প্রথম ও শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
তবে ইয়েলো লাইনে রবিবার স্বাভাবিক ৭৮টি পরিষেবাই চলবে। জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরের মধ্যে সরাসরি মেট্রোর সংখ্যা তিনটি থেকে কমে দু’টি হবে। প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও পরিবর্তন করা হয়নি।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, শনিবার পার্পল লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে। তবে অরেঞ্জ লাইনে অন্যান্য দিনের মতোই কোনও মেট্রো চলবে না। রবিবার পার্পল ও অরেঞ্জ—দুই লাইনেই পরিষেবা বন্ধ থাকবে। পুজোর আগে অতিরিক্ত পরিষেবার ফলে কেনাকাটা ও বিভিন্ন কাজে বেরোনো যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে বলেই আশা মেট্রো কর্তৃপক্ষের।