বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা অভিযুক্ত বিশাল পাল ওরফে গোপাল দাসকে গ্রেপ্তার করল সিবিআই। মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের রবীন্দ্রনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিবিআইয়ের এসসিবি কলকাতা টিম।
সিবিআই সূত্রে খবর, আরসি০৫৬২০২১এস০০০৮ নম্বরের এই মামলায় বিশাল পালকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ৩ এপ্রিল ট্রায়াল কোর্ট থেকে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তারপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল তদন্তকারী সংস্থা।
এর আগে অভিজিৎ সরকার খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছিল সিবিআই। ধৃতের নাম অরূপ দাস। তাঁর খোঁজে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। জানা যায়, পরিচয় গোপন করে আসামে রেলের কোচ অ্যাটেন্ড্যান্ট হিসেবে কাজ করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে অসমে হানা দিয়ে অরূপকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানেই তাঁকে পাকড়াও করা হয় বলে খবর। পরে ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ ওঠে। সেই সময়ই কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুন করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, তাঁকে তার পেঁচিয়ে এবং পিটিয়ে খুন করা হয়েছিল। মৃত্যুর আগে ফেসবুক লাইভে বাঁচার আর্জি জানিয়েছিলেন অভিজিৎ—এমন দাবিও উঠেছিল।
এই ঘটনায় তৎকালীন তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ একাধিক নেতার নাম জড়ায়। প্রথমে ঘটনার তদন্ত শুরু করেছিল নারকেলডাঙা থানার পুলিশ। কিন্তু তদন্ত নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়।