২ সেপ্টেম্বর এসআইআর-বিরোধী মিছিল, জমায়েত হতে পারেন ৫ হাজারের বেশি, জরুরি মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের

File Photo

২ সেপ্টেম্বর এসআইআর-এর বিরুদ্ধে কলকাতায় বড়সড় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ‘সংগ্রামী গণমঞ্চ’। ওই কর্মসূচিতে পাঁচ হাজারেরও বেশি মানুষের জমায়েত হতে পারে বলে দাবি করে কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি চাইলেন এক আইনজীবী। শুক্রবার আদালতে মামলাটি জরুরি ভিত্তিতে উল্লেখ করা হয়।

আইনজীবী আদালতে জানান, ‘সংগ্রামী গণমঞ্চ’-এর উদ্যোগে আগামী ২ সেপ্টেম্বর এসআইআর-বিরোধী বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সেখানে পাঁচ হাজারের বেশি মানুষ অংশ নিতে পারেন। সেই কারণে দ্রুত মামলা দায়েরের অনুমতি প্রয়োজন।

আইনজীবীর বক্তব্য শুনে আদালত জানতে চায়, “জরুরি কী?” পাশাপাশি, কারা এই কর্মসূচির আয়োজন করছে, তা-ও জানতে চাওয়া হয়। জবাবে আইনজীবী জানান, ‘সংগ্রামী গণমঞ্চ’ নামে একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করছে।


এর পর আদালত প্রশ্ন করে, “আগেও কি আপনারা আপনাদের কর্মসূচি পিছিয়ে দিয়েছিলেন?” আইনজীবী জানান, আগের বিষয়টি সম্পূর্ণ আলাদা। তার সঙ্গে এসআইআরের কোনও সম্পর্ক নেই। সেটি অন্য একটি সংগঠনের কর্মসূচি ছিল। তাই বর্তমান মামলাটি জরুরি ভিত্তিতে দায়েরের অনুমতি দেওয়ার আবেদন জানান তিনি।

তবে আদালত প্রশ্ন তোলে, ২ সেপ্টেম্বর কর্মসূচি নির্ধারিত থাকা সত্ত্বেও আগে কেন মামলা দায়ের করা হয়নি। আদালতের পর্যবেক্ষণ, পাঁচ দিন আগেই মামলা দায়ের করা যেত। সময়মতো মামলা না করায় এখন সেটিকে অধিকার হিসেবে জরুরি শুনানির দাবি করা যায় না।

এর পর আদালত বলে, “আপনারা মামলা দায়ের করুন। মামলা আসুক, তারপর আমি দেখব।”

এর পরই সোমবার মামলা দায়েরের অনুমতি দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, সোমবার মামলা দায়ের করা হবে এবং পরবর্তী সোমবার মামলাটির শুনানি হবে।