হাইকোর্টে রক্ষাকবচ মামলায় মিলল না স্বস্তি, গ্রেপ্তারির আশঙ্কায় সুমিত

Photo: Statesman

কলকাতা হাইকোর্টে স্বস্তি মিলল না অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের। গ্রেপ্তারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন সুমিত রায়। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ জানিয়ে দেয়, সুমিতের রক্ষাকবচ সংক্রান্ত মামলাটি তালিকার শীর্ষে এনে জরুরি ভিত্তিতে শুনানি করা সম্ভব নয়।

সুমিতের আইনজীবী অয়ন ভট্টাচার্য্য দাবি করেন, অভিষেকের আপ্তসহায়ক হওয়ার ‘অপরাধেই’ তাঁর বিরুদ্ধে একের পর এক এফআইআর করা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক মামলায় সিআইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। দু’টি মামলায় সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পাওয়ার পর ভবানী ভবনে গিয়ে তদন্তকারীদের মুখোমুখিও হয়েছেন তিনি। এর মধ্যেই নতুন করে আরও চারটি মামলা দায়ের হওয়ায় ফের গ্রেপ্তারির আশঙ্কা তৈরি হয়েছে বলে আদালতে জানান তাঁর আইনজীবী।

নতুন চার এফআইআরে গ্রেপ্তারি এড়াতে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত। মামলাগুলি দ্রুত শুনানির জন্য তালিকার শীর্ষে আনার আবেদন জানানো হয়। কিন্তু সেই আর্জিতে সায় দেয়নি আদালত। বিচারপতির বক্তব্যের পর সুমিতের আইনজীবী বলেন, ‘এর মধ্যে যদি সুমিত রায়কে গ্রেপ্তার করা হয়, তাহলে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করব আমরা।’


এদিকে শালবনির সরকারি জমি বিক্রির মামলাতেও বুধবার সুমিতকে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। যদিও ওই মামলায় তাঁর রক্ষাকবচ রয়েছে। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া চারটি এফআইআর খারিজের আবেদনও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে করেছেন সুমিত। আইনজীবীদের দাবি, বিষ্ণুপুর ও কালীতলা আসুতি থানার এফআইআরে অভিষেকের পাশাপাশি সুমিতের নামও রয়েছে। তাঁদের অভিযোগ, রাজনৈতিক যোগাযোগের কারণেই তাঁকে বারবার মামলায় জড়ানো হচ্ছে।

আরও পড়ুন: টানা ৫ দিন অভিষেকের আপ্তসহায়ককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, বুধেও ভবানী ভবনে সুমিত

এই মামলার শুনানির আবহেই এদিন আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের কপিও জমা পড়ে। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন কলকাতা হাইকোর্টে দু’বার খারিজ হওয়ার পর গত ১০ আগস্ট শর্তসাপেক্ষে তিন সপ্তাহের জন্য বিদেশযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।