রাতে রাস্তায় বাস দাঁড় করিয়ে রাখলে এবার থেকে গুনতে হবে ৭০০ টাকা। রাজ্যে চালু হতে চলেছে ‘নাইট পার্কিং’ ব্যবস্থা। রাতভর রাস্তার ধারে বাস পার্ক করে রাখার জন্য নির্দিষ্ট ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কাকিনাড়ার নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লিগের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে এই নতুন ব্যবস্থার কথা জানান রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত ৭০০ টাকা ফি দিয়ে বাস মালিক বা বাস সংগঠনগুলি রাতে বাস পার্ক করে রাখতে পারবেন। সরকারের দাবি, এর ফলে একদিকে যেমন রাজস্ব আদায় বাড়বে, অন্যদিকে রাস্তার পাশে রাতভর বাস রাখার বিষয়টিও একটি নিয়মের আওতায় আসবে। আসন্ন দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে এই ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
একই সঙ্গে পরিবহণ দফতরের কাজকর্ম নিয়েও কড়া বার্তা দিয়েছেন অর্জুন সিং। তাঁর বক্তব্য, শুধুমাত্র আমলা বা প্রশাসনিক আধিকারিকদের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না। দফতরের নেতৃত্বকে নিয়মিত নজরদারি চালাতে হবে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের সমন্বয় বজায় রেখে সাধারণ মানুষের সমস্যায় দ্রুত হস্তক্ষেপ করাও জরুরি বলে জানান তিনি।
নিজের বক্তব্যের পক্ষে সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণও দেন পরিবহণমন্ত্রী। তিনি জানান, দফতরের পূর্বতন অধিকর্তার কাজে সন্তুষ্ট না হওয়ায় তাঁকে সরিয়ে একজন অভিজ্ঞ আইএএস আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ কাজের গতি ও দক্ষতার ক্ষেত্রে কোনও আপস করা হবে না, সেই বার্তাই দিতে চেয়েছেন তিনি।
বর্ধমানের প্রায় ১৩০টি মিনিবাস ধর্মঘটে যাওয়ার সম্ভাবনা এবং টোটো ও বাস সংক্রান্ত জটিলতার খবর পাওয়ার পর দ্রুত পদক্ষেপের কথাও জানান মন্ত্রী। তাঁর দাবি, বিষয়টি জানার পরই পরিবহণ দফতরের সচিবকে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নতুন পার্কিং ফি চালুর পাশাপাশি প্রশাসনিক নজরদারি আরও বাড়িয়ে পরিবহণ ব্যবস্থাকে সক্রিয় ও নিয়মবদ্ধ করাই সরকারের লক্ষ্য বলে স্পষ্ট করেছেন পরিবহণমন্ত্রী।