নিউ মার্কেটের হোটেল শিখা ইন-এর মালিক গ্রেপ্তার

PIC- SNS

নিউ মার্কেটের হোটেল ‘শিখা ইন’-এ অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হলেন হোটেলটির মালিক বীরেশ্বর মিত্র। মঙ্গলবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ সূত্রে খবর, নিজের গাড়িতে করে ঝাড়খণ্ডে পালিয়ে গিয়েছিলেন তিনি। শনিবার বেহালায় নিজের বাড়িতে ফিরতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেটের হোটেল ‘শিখা ইন’-এ ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ৯ জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৯ জনেই বাংলাদেশের নাগরিক। ঘটনার পরই তদন্তে নেমেছিল কলকাতা পুলিশ। শুক্রবার নিউ মার্কেট এলাকার ১১টি হোটেলে অভিযান চালিয়ে সেগুলি বন্ধ করে দেয় পুরসভা ও দমকলের যৌথ কমিটি। শনিবার আরও ছ’টি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

অগ্নিকাণ্ডের তদন্তে কলকাতা পুলিশের তরফে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান কুণাল আগরওয়াল জানিয়েছিলেন, তদন্তকারী দলকে প্রতিদিনের তদন্তের অগ্রগতির রিপোর্ট গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের কাছে জমা দিতে হবে।


এই ঘটনায় এর আগে আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি ছিলেন হোটেল শিখা ইন-এর লিজহোল্ডার। এবার হোটেল মালিককেও গ্রেপ্তার করল পুলিশ।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবারেই সামনে এসেছিল ঘটনার ফরেন্সিক তদন্তের প্রাথমিক রিপোর্ট। তা থেকে জানা গিয়েছিল, হোটেলের তিনতলার রিসেপশনে থাকা এসির তার বা পোর্ট থেকেই আগুনের সূত্রপাত। এসি লাগানোর জায়গার একটি অংশ ফুলে গিয়েছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুনের তাপে অন্যান্য তারও ফাটতে শুরু করে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, এসি থেকে আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি দ্রুত বিষাক্ত ধোঁয়া গোটা ভবনে ছড়িয়ে পড়েছিল। মুহূর্তের মধ্যে ঘরগুলি কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। ঘন ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পেরে মৃত্যু হয়েছিল হোটেলের ৯ আবাসিকের।